অতি ক্ষমতাসীন ব্যক্তির লাভের জন্য নাগরিক জীবন হুমকিতে, টিকা প্রসঙ্গে রুমিন

আপডেট : ০৬ জুন ২০২১, ০৩:১৭ পিএম

করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা নিয়ে সরকারের পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

রবিবার সংসদে ২০২০-২০২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, টিকা ব্যবস্থাপনায় শুরু থেকেই নয়ছয় দেখেছি।

রুমিন ফারহানা বলেন, ‘বেক্সিমকোর চাপের কারণে সরকার টিকার বিকল্প উৎসে যেতে পারেনি, যদিও রাশিয়া ও চীন আমাদের সঙ্গে চুক্তি করতে চেয়েছিল। টিকা বিক্রি করে সরকারি দলের এক অতি ক্ষমতাসীন ব্যক্তির লাভের জন্য নাগরিকদের জীবন হুমকির মধ্যে ফেলেছে রাষ্ট্র।’

তিনি বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ালেও বিগত ১০ বছরের স্বাস্থ্য সেবায় এডিপি বাস্তবায়ন এই বছরের সবচেয়ে কম। প্রথম ১০ মাসে বরাদ্দের মাত্র ২৫ শতাংশ ব্যয় করতে পেরেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

বিএনপি দলীয় এই সংসদ সদস্য আরও বলেন, ২০২০-২০২১ অর্থ বছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ৩০ হাজার কোটি টাকা কমে ৫ লাখ ৩৮ হাজার ৯৮৩ কোটি টাকা করা হয়েছে।

তিনি বলেন, সম্পূরক বাজেটে ১৯টি মন্ত্রণালয়ের বরাদ্দ বৃদ্ধির তালিকা দেওয়া হয়েছে। তাতে যে সকল মন্ত্রণালয় বাদ পড়েছে সে সব মন্ত্রণালয় হচ্ছে- কৃষি, সমাজ কল্যাণ,  শ্রম ও কর্মসংস্থান, খাদ্য, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

রুমিন ফারহানা বলেন, চলতি অর্থবছরে কৃষিতে বরাদ্দ ছিল অপ্রতুল। এই বাজেটে আরও কমেছে। এদিকে খাদ্য শস্যের আমদানি সাম্প্রতিক অতীতের সর্বোচ্চ পর্যায়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত