প্রেস ক্লাবে ফখরুল

টিকার জন্য এখন চীন-রাশিয়ার কাছে ধরনা দিচ্ছে সরকার

আপডেট : ০৭ জুন ২০২১, ০৫:৫৫ এএম

টিকার জন্য সরকার এখন চীন ও রাশিয়ার কাছে ধরনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘কিছু জন্তু আছে পানি খায় ঘোলা করে। যখন চীন  ও রাশিয়া এসে বলল করোনাভাইরাসের টিকা নিয়ে আমাদের সঙ্গে চুক্তি করো তখন করেনি। এখন তাদের কাছে ধরনা দিচ্ছে। চীন বলছে, আপনাদের সঙ্গে তো কোনো চুক্তিই হয়নি।’ গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘কভিড নিয়ে সরকার শুরু থেকেই ব্যবসা করছে। তাদের উপদেষ্টার কথায় অগ্রিম টাকা দিয়ে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রায় ৭শ’  কোটি দিয়ে তিন কোটি টিকা আনার কথা। এখন পর্যন্ত দেড় কোটি টিকাও পায়নি। এটা তারা জেনেশুনেই করছে।’

‘খালেদা জিয়াকে অনুপ্রেরণার উৎস’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া আমাদের কাছে অনুপ্রেরণা। তিনি সফল হয়েছেন এই দেশ থেকে  স্বৈরাচারকে বিতাড়িত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে। এটা সফলতা। সেই জন্য এই সরকার জানে খালেদা জিয়া হচ্ছেন সেই হ্যামেলিনের বংশীবাদক, যিনি বাইরে বেরুলে বাঁশি বাজাতে শুরু করবেন আর লাখ লাখ মানুষ ঘর থেকে বেরিয়ে আসবে। দ্যাটস দ্য রিয়েলিটি। এজন্য তাকে তারা সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে, এখনো তিনি গৃহবন্দি।’

তিনি বলেন, ‘২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে ব্যবসায়ীরা বলছেন খুবই ভালো বাজেট হয়েছে। ৬ কোটি মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে। কোথায় তাদের জন্য তো কিছু করেনি। আমরা বারবার করে বলেছিলাম, ১৫ হাজার টাকা করে তিন মাসের জন্য এই মানুষগুলোকে দেওয়ার ব্যবস্থা করেন।’

দেশের বর্তমান এই ‘অচলাবস্থা’ থেকে দেশকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং জাতীয় ঐক্য সৃষ্টি করে এগুতে হবে। আমরা জাতীয় ঐক্যের জন্য কাজ করছি। সব রাজনৈতিক দলকে এক জায়গায় করে, জোট না হোক আমরা যুগপৎ আন্দোলন করে  বেরিয়ে আসতে পারি কি না সেই চেষ্টা আমরা করছি।’

সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ মুক্তিযোদ্ধা দলের অন্য নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত