বাগেরহাটে করোনা সংক্রমণের হার ৪৫ শতাংশ

আপডেট : ০৭ জুন ২০২১, ১১:২৪ এএম

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে এই জেলায় কারও মৃত্যু হয়নি।

৭০টি নমুনা পরীক্ষায় ৩২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ৪৫ শতাংশ। আর জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলায় সংক্রমণের হার ৫২ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী দুই সপ্তাহের মধ্যে সংক্রমণের হার কমতে পারে আশা স্বাস্থ্য বিভাগের।

এই নিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে বাগেরহাটে ৭৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হল। আর মৃত্যু হয়েছে ২১ জনের।

এদিকে, জেলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় প্রশাসনের ৩০ মে থেকে আরোপিত কঠোর বিধিনিষেধ ঢিলেঢালাভাবে চলছে।

প্রশাসনের তদারকির মধ্যে লুকোচুরি করে চলছে স্থানীয়দের চলাফেরা। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট জেলায় গত ১০ দিন ধরে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মোংলা উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। গত ২৬ মে থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত ভাইরাসের সংক্রমণের হার ছিল ৭০ শতাংশ। সারা জেলায় ছিল ৪৫ শতাংশ। মোংলা উপজেলায় গত তিন দিন যাবৎ সংক্রমণের হার কিছুটা কমে আসছে।

বর্তমানে মোংলাতে ৪৫ থেকে ৫০ শতাংশের মধ্যে ওঠানামা করছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩২টি পজিটিভ হয়েছে। জেলায় যার শতকরা হার ৪৫ শতাংশ। মোংলাতে ৩৮টি নমুনা পরীক্ষায় ২০টি পজিটিভ হয়েছে।

এখানে সংক্রমণের হার ৫২ শতাংশ। মোংলায় বর্তমানে সংক্রমণের হার কিছুটা কমেছে।

স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন মাঠে নিয়মিত নজরদারি করছে। স্থানীয়রা স্বাস্থ্যবিধি মেনে চললে আগামী দুই সপ্তাহের মধ্যে সংক্রমণের হার আরও অনেক কমে আসবে বলে মনে করছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত