চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ১৭ গ্রামে ঢিলেঢালা লকডাউন চলছে। এর মধ্যে ৭ গ্রামে আজ ষষ্ঠ দিনের মতো এবং বাকি ১০ গ্রামে দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে।
লকডাউন বাস্তবায়নে ওইসব গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তবুও লকডাউন মানতে অনীহা দেখা গেছে প্রত্যন্ত অঞ্চলের সীমান্তবর্তী এসব গ্রামবাসীর মধ্যে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২ জুন থেকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৭ গ্রামে লকডাউন ঘোষণা করা হয়।
এরপর সীমান্ত এলাকার সঙ্গে যাতায়াত নিয়ন্ত্রণে নিতে কুড়–লগাছি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ১০ গ্রাম লকডাউনের আওতায় আনা হয়।
দামুড়–হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, সংক্রমিত ও সীমান্তবর্তী গ্রামগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
ওই সব এলাকায় নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া উপজেলার সকল পশু হাট ও পর্যটনকেন্দ্র বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
