পাবনার বেড়া উপজেলার পেঁচাকোলা গ্রামে পুকুর ভরাটের সময় বালি চাপা পড়ে সাত বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটির নাম আসাদুল্লাহ। সে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের আজম আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, সকাল নয়টার দিকে পেঁচাকোলা গ্রামে এক বন্ধুকে সাথে নিয়ে বাড়ির পাশে একটি পুকুর ভরাট কাজ দেখছিল আসাদুল্লাহ।
এ সময় হঠাৎ পা পিছলে গর্তে পড়ে ড্রেজারে তোলা বালির নিচে চাপা পড়ে নিখোঁজ হয় সে। এলাকাবাসী খোঁজ করেও শিশুটিকে না পেয়ে পুলিশে খবর দেয়।
ওসি আরও জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী ও পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করেছে। বালি তোলা ড্রেজারটি জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজর আলীর নেতৃত্বে একটি চক্র প্রশাসনকে ম্যানেজ করে নদী থেকে অবৈধ বালি উত্তোলন করে।
কোন নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বালি উত্তোলনে পরিবেশের বিপর্যয়ের পাশাপাশি প্রায়ই দুর্ঘটনা ঘটে। এরপরও তাদের বিরুদ্ধে অজ্ঞাত কারণে ব্যবস্থা নেওয়া হয়নি।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী বলেন, অবৈধ বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান করা হয়। অনেক সময় প্রশাসনের চোখ এড়িয়ে তারা বালি তোলে। অভিযুক্ত বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
