আলেম-ওলামাদের মুক্তি ও মাদ্রাসা খোলার দাবি হেফাজতের নতুন কমিটির

আপডেট : ০৭ জুন ২০২১, ০৮:২৭ পিএম

গ্রেপ্তার সব আলেম-ওলামার মুক্তি ও কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি জানিয়েছে সোমবার ঘোষিত হেফাজত ইসলামের নতুন কেন্দ্রীয় কমিটি। কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং পরবর্তী বৈঠক থেকে তারা এ দাবি জানান। 

বৈঠক থেকে হেফাজত নেতৃবৃন্দ দাবি করেন, অবিলম্বে সব আলেম-উলামা ও গ্রেপ্তার হেফাজত নেতাকর্মীর মুক্তি দিতে হবে। অনেক নির্দোষ আলেম-উলামা ও সাধারণ মানুষ গ্রেপ্তার হয়ে আছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, তাদের মুক্তি দিন। আলেম-উলামাদের বয়ানের মিম্বার ও হাদিসের মসনদে ফেরার ব্যবস্থা করুন।

তারা বলেন, এ ছাড়া আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে দেশের সব কওমি মাদ্রাসা খুলে দেওয়া হোক। কওমি মাদ্রাসাগুলো দ্বীনি প্রতিষ্ঠান। মাদ্রাসার কারণে আমাদের দেশে আল্লাহর রহমত বর্ষিত হয়। সরকার এর আগেও কওমি মাদ্রাসা খুলে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, কোনো মাদ্রাসায় করোনা সংক্রমিত হওয়ার ঘটনা ঘটেনি। 

বৈঠকে নুরুল ইসলাম, আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হক, মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা ইয়াহিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল,মাওলানা আনোয়ারুল করিম, মাওলানা আইয়ুব বাবুনগরী,  মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মুসতাক আহমদ, মাওলানা শাব্বির আহমদ রশিদ, মাওলানা আনাস (ভোলা), মাওলানা মাহমুদুল আলম, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মীর ইদরিস,  আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা জামাল উদ্দীন উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত