দর্শকের সঙ্গে যোগাযোগটা থাকবে

আপডেট : ০৮ জুন ২০২১, ১২:২৬ এএম

ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানভীন সুইটি এখন অভিনয় করেন বেছে বেছে। সম্প্রতি একটি খন্ড ও একটি ধারাবাহিক নাটক করেছেন। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

‘সুধাংশু ফিরে আসবে’...

সম্প্রতি মানিকগঞ্জের বেতিলা জমিদারবাড়িতে একটি খন্ড নাটকের শ্যুটিং করেছি।  নাটকের নাম ‘সুধাংশু ফিরে আসবে’। কাহিনী ও পরিচালনা করেছেন গুণী নির্মাতা আকরাম খান। চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন লায়লা আফরোজ ও আকরাম খান। এটি মুজিববর্ষ উপলক্ষে বিটিভিতে প্রচার হবে। কাজটি সত্যি ভালো হয়েছে। এখন তো নিয়মিত অভিনয় করি না। তবে এমন কাজ হলে করতে চাই। পরিচালক দারুণভাবে গল্পটি ফুটিয়ে তুলেছেন। আমার সহশিল্পী ছিলে বৃন্দাবন দাশ ও শাহনাজ খুশি দম্পতির ছেলে সৌম্য। এখানে আমার চরিত্রটি অস্বাভাবিক। একই সঙ্গে মুক্তিযুদ্ধ চলাকালীন এবং এই সময়ের দুটি গল্প চলতে থাকবে। আমরা প্রতিটি চরিত্র এক ধরনের হ্যালোসিনেশনের মধ্য দিয়ে যাই। চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। কিন্তু এখন যেহেতু কাজের আগে হাতে সময় পাই, তাই চরিত্র নিয়ে ভাবতে পারি। মোটামুটি প্রস্তুতি নিয়েই যেতে যাই। এতে অভিনয়ের মান ভালো হয়।

দীর্ঘদিন পর ধারাবাহিকে...

অভিনয়ই যেহেতু কম করি, সুতরাং ধারাবাহিক নাটক তো অনেক দিনই করা হয় না। তবে আমার ভক্তরা সব সময় বলতে থাকেন, তারা আমাকে স্ক্রিনে দেখতে চান। এজন্য একটি ভালোমানের ধারাবাহিক বেশ উপযোগী। এতে করে দর্শকের সঙ্গে আমার যোগাযোগটা থাকবে। তাই কাজটি করছি। সবচেয়ে বড় কথা হলো এটি তারিক আনাম খান ও নিমা রহমানের কাজ। ‘গুলশান এভিনিউ সিজন ২’ নামের এই মেগা ধারাবাহিক কোরবানির পর থেকেই প্রচার শুরু হবে বাংলাভিশনে। এরই মধ্যে দুই লটের শ্যুটিং শেষ করেছি। নতুন প্রজন্মের শিল্পীরা যেমন কাজ করছে, তেমনি আমাদের সময়ের দীপা খন্দকার, ফারজানা চুমকী, শতাব্দী ওয়াদুদ, তারিক আনাম খান নিজেও অভিনয় করছেন। সবার সঙ্গে বেশ আনন্দের সঙ্গে কাজ করছি। আমাদের দেশের ধারাবাহিক নাটক এখন আগের মতো আলোচিত হয় না। বেশিরভাগ দর্শক ভারতীয় বাংলা সিরিয়াল দেখে। এই সিরিয়ালটি তেমনি একটি ফ্লেভার দেবে। যাতে দেশের দর্শক দেশের নাটকই দেখে সেদিক বিবেচনা করেই ধারাবাহিকটি নির্মাণ করছেন নিমা রহমান। এর বাইরে কিছুদিন আগে পিপলু ও অংশুর নির্মাণে দুটি বিজ্ঞাপনে কাজ করেছি।

রেহানা মরিয়ম নূর...

আমাদের দেশের প্রথম কোনো সিনেমা কানের মতো বিখ্যাত ফেস্টিভ্যালে অফিশিয়ালি সিলেক্টেড হয়েছে, এটা ভাবতেই গর্ব হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট যেমন আমাদের দেশের নাম বিশ্বের দরবারে উঁচু করেছে, তেমিন এই সিনেমাও একটি মাইলফলক। আশা করব এই ধারা অব্যাহত থাকবে। আগেই এই ছবির পরিচালক সাদ ও অভিনেত্রী বাঁধনসহ পুরো টিমকে আগে ফেইসবুকের মাধ্যমে অভিনন্দন জানিয়েছি। পত্রিকার মাধ্যমে আবারও জানালাম। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত