রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের পক্ষের হওয়া উচিত : তথ্যমন্ত্রী

আপডেট : ০৮ জুন ২০২১, ০২:১৮ এএম

দেশে রাজনীতি এমন হওয়া উচিত যেখানে সরকারি দল ও বিরোধী দল উভয়ই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, আজ স্বাধীনতার ৫০ বছর পরও স্বাধীনতাবিরোধী অপশক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা এখনো এদেশে রাজনীতি করে। আর বিএনপি’র মতো একটি বড় দল সেই স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়েই রাজনীতি করে, তাদের দলেও স্থান দেয়।’

গতকাল সোমবার দুপুরে ৭ জুন ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানম-ি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

৬ দফার প্রেক্ষাপট তুলে ধরে ড. হাছান মাহমুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে বাঙালির মনন তৈরির উদ্দেশ্যেই ৬ দফা ঘোষণা করেছিলেন। বাঙালির মুক্তির সনদ হিসেবে ৬ দফার ভিত্তিতে মানুষ আন্দোলন ও সংগ্রাম করেছে, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের পর যখন পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করেনি, তারপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছেন। দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান সৃষ্টির পরপরই যখন বঙ্গবন্ধু অনুভব করলেন এই পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে বাঙালির কোনোদিন মুক্তি আসবে না, তখনই তিনি এই বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর ৫৩তম জন্মদিনে মণি সিং তার বক্তৃতায় বলেছিলেন, ১৯৫১ সালেই বঙ্গবন্ধু চিঠি লিখেছিলেন, তিনি পুরো বাংলার স্বাধীনতার পরিকল্পনা করছেন। তারা তার সঙ্গে থাকবেন কি না? বঙ্গবন্ধু জানতেন কখন কোনটা জাতির সামনে উপস্থাপন করতে হবে। ১৯৬৬ সালে ৬ দফার মাধ্যমে বাঙালির মুক্তির সনদ ঘোষণা স্বাধীনতার পথে এক অনন্য সোপান বলে জানান তিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত