আলোচনা সভায় ফখরুল

সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান সৃষ্টি করতে হবে

আপডেট : ০৮ জুন ২০২১, ০২:১৯ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটি নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে দেশে পরিবর্তন আনতে হবে। এই কাজটি আমাদেরই করতে হবে, অন্য কেউ করে দিয়ে যাবে না। সময় হলেই আন্দোলনের ডাক দেবে বিএনপি। এ জন্য তরুণ প্রজন্মকে সংগঠিত করেই সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সৃষ্টি করতে হবে।’ গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ১৯৫২’র ভাষা আন্দোলন, ’৬৯ সালে এগারো দফা আন্দোলন, ’৭০ সালের নির্বাচন, ’৯০ এর গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকার কথা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমাদের অনেক বয়স হয়ে গেছে। তারপরেও তো আমি রাস্তায় এসে আপনাদের সঙ্গে দাঁড়াই। যেদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি এস এম মিজানুর রহমান রাজকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল পুলিশ সেদিন ক’জন আপনারা ঘুরে এসে দাঁড়িয়েছিলেন বলেন তো? এগুলো আমাদের উপলব্ধি করতে হবে।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘এখন তরুণদের মধ্যে আমরা অন্যায়ের প্রতিবাদ করার মনমানসিকতা দেখি না। তারা হুকুমের অপেক্ষায় থাকে। অথচ আমরা যখন তরুণ ছিলাম তখন অন্যায়ের প্রতিবাদ করতাম। আমান উল্লাহ আমানরা ’৯০-এ তরুণ বয়সে প্রতিবাদ করেছেন। এখন আমান উল্লাহ আমানদের আন্দোলনের ডাকে তরুণরা সাড়া দিচ্ছে না। কেন দিচ্ছে না? ’৯০ আর ২০২১ এক নয়।’

মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের অনেকে বলেন, বিএনপি ডাক দিচ্ছে না কেন? বিএনপি তখনই ডাক দেবে যখন বিএনপি মনে করবে যে, ডাক দেওয়ার সময় হয়েছে। ডাক দিয়েছে তো অতীতেও। ২০১৪ সালের নির্বাচনের পরে আমরা প্রায় ৬ মাস অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলিনি?’

‘বড় চোরদের দুর্নীতিতে মাথা হেঁট হয়ে যায়’ জাতীয় সংসদে সরকারদলীয় এক সংসদ সদস্যের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আজকের পত্রিকায় এসেছে, গত রবিবার সংসদে সরকারদলীয় একজন সংসদ সদস্য বলেছেন, বড় চোরদের দুর্নীতিতে মাথা হেঁট হয়ে যায়। মানে ওরা ছোট চোর। এখন বিদেশে টাকা পাচার হচ্ছে। বাড়ি হচ্ছে কানাডায়, মালয়েশিয়া, সৌদি আরব এবং লন্ডনে। শপিং মল তৈরি হচ্ছে। কেউ আর দেশে টাকা রাখে না। কারণ জানে, এমন সময় আসবে যখন প্রত্যেকের হিসাব নেওয়া হবে। মানুষ হিসাব নেবে অবশ্যই।’

ড্যাবের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, ড্যাবের মহাসচিব আব্দুস সালাম, ড্যাবের কেন্দ্রীয় নেতা শহীদ হাসান, মেহেদী হাসান, জহিরুল ইসলাম শাকিল, সিরাজুল ইসলাম, কাজী মাজহারুল ইসলাম দোলন, জাহানারা সিদ্দিকী, সরকার মাহবুব আহমেদ শামীম, মাসুদ আদনান, মোহাম্মদ ফখরুজ্জামান প্রমুখ।

রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় সরকারের উদাসীনতা দায়ী : গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল সাততলা বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকান্ডে খেটে খাওয়া গরিব মানুষের দুই শতাধিক ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আমি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। অতীতে রাজধানীর বস্তি এলাকাসহ বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও সরকার ও সিটি করপোরেশন এসব অগ্নিকান্ডের পুনরাবৃত্তিরোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে উদাসীন রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত