জাতিসংঘে টিকা ও রোহিঙ্গা ইস্যুতে চাপ দেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮ জুন ২০২১, ১০:২২ পিএম

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য জাতিসংঘের এলডিসি বৈঠকে বাংলাদেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য ভ্যাকসিন সরবরাহ ও রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য চাপ দেবে বাংলাদেশ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আমরা আরও ভ্যাকসিনের জন্য চাপ দেব। মিয়ানমার এখন একটি বড় ইস্যু। এতে মিয়ানমার সংকট নিয়ে আলোচনারও সুযোগ থাকবে।

তিনি জানান, এলডিসি বৈঠকের পাশাপাশি তিনি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে সাক্ষাত করতে পারেন।

হোয়াইট হাউস গত সপ্তাহে ঘোষণা করেছে যে, এশিয়ার ১৫টি দেশকে ৭ মিলিয়ন ডোজ ভ্যাকিসন দেওয়া হবে। এই তালিকায় আছে বাংলাদেশ। তবে, বাংলাদেশ কী পরিমাণ ভ্যাকসিন পাবে তা এখনো জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পেতে চাইছে বাংলাদেশ, কারণ ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে সরবরাহকৃত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ পাওয়া প্রায় ১৬ লাখ বাংলাদেশি দ্বিতীয় ডোজ পাননি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মার্কিন এফডিএ এখনো যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন না করায় বাংলাদেশে ফাইজার বা মডার্নার ভ্যাকসিন পাঠাতে পারে যুক্তরাষ্ট্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত