বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণের কৌশল

আপডেট : ০৮ জুন ২০২১, ১১:০৭ পিএম

সফল হওয়ার জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে আকাশকুসুম কল্পনা করে বসে। ফলে লক্ষ্য থেকে যায় অধরা, কাজেও মন বসে না। বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করার কৌশল জানাচ্ছেন বিপুল জামান

লক্ষ্য এমন হওয়া উচিত যা অর্জন করা সম্ভব। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণের ফলে কাজে মনোযোগ আসে। বাস্তবসম্মত ও অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণের জন্য SMART কৌশল অবলম্বন করা যেতে পারে। Specific, Measurable, Achievable, Realistic  এবং Timeframe এই পাঁচটি শব্দের প্রথম অক্ষর নিয়ে এই কৌশলটির নামকরণ করা হয়েছে।

Specific বা সুনির্দিষ্ট

লক্ষ্যটি হতে হবে সুনির্দিষ্ট। তোমার লক্ষ্যটি একটি কাগজে লিখে ফেলো। যত সুনির্দিষ্টভাবে লেখা সম্ভব লেখ। যদি তুমি লক্ষ্য নির্ধারণ করো এ বছর বার্ষিক পরীক্ষায় এ প্লাস পাওয়ার তাহলে সুনির্দিষ্টভাবে লেখো গোল্ডেন এ প্লাস পেতে চাও, নাকি সাধারণ এ প্লাস পেতে চাও।

Measurable বা পরিমাপযোগ্য

লক্ষ্যটি অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে। কোনো শিক্ষার্থী যদি লক্ষ্য নির্ধারণ করে সে পরীক্ষায় ভালো করবে তাহলে তার লক্ষ্যকে ভালো লক্ষ্য বলা যাবে না। কারণ ভালোর কোনো পরিমাপ নেই। কতটুকু ভালো করবে তা পরিমাপযোগ্য হতে হবে। বর্তমান জিপিএ ৪.৫০ হলে পরবর্তী লক্ষ্য নির্ধারণ করতে পারো জিপিএ ৫ পাওয়ার। এই লক্ষ্য পরিমাপযোগ্য।

Achievable বা অর্জনযোগ্য

লক্ষ্য সব সময় অর্জনযোগ্য হতে হবে। যা যুক্তিসম্পন্ন, বোধের গোচর এবং বিজ্ঞান দ্বারা প্রমাণিত তা সবসময়ই অর্জনযোগ্য। রাতারাতি পরিবর্তনের জন্য লক্ষ্য নির্ধারণ করবে না। কারণ রাতারাতি কোনো লক্ষ্য অর্জিত হয় না।

Realistic বা বাস্তবধর্মী

আকাশকুসুম কল্পনা কখনো আদর্শ লক্ষ্য হতে পারে না। যেমন বর্তমানে তুমি যদি পঞ্চম শ্রেণির ছাত্র হয়ে লক্ষ্য নির্ধারণ করো বছর শেষে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পাবে তাহলে তা নেহাত অবাস্তব আশা হবে, বাস্তবসম্মত কোনো লক্ষ্য হবে না। কারণ এসএসসি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে পঞ্চম শ্রেণির পাঠ অভিজ্ঞতা দিয়ে তার উত্তর করা সম্ভব নয়। পঞ্চম শ্রেণির বই পড়ে তুমি খুব ভালোভাবে পঞ্চম শ্রেণি পাস করতে পারবে এটাই বাস্তবতা।

Timeframe বা সময়কাঠামো

লক্ষ্যকে একটি সময়কাঠামোয় আবদ্ধ করো। এই সময়কাঠামো তোমাকে লক্ষ্য অর্জনে প্রেরণা জোগাবে। নির্দিষ্ট সময় পরপর চেকলিস্ট পরীক্ষা করে দেখো লক্ষ্যপানে যতটুকু এগোনোর কথা ততটুকু এগোলে কি না। যদি লক্ষ্যপূরণ না হয়ে থাকে তাহলে পরবর্তী ধাপে কীভাবে তা পূরণ করবে তার পরিকল্পনা করো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত