শ্রমিকদের কল্যাণে ব্যয় করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৩১ কোটি ৪০ লাখ টাকা দিয়েছে গ্রামীণফোন। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) সৈয়দ তানভির হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল চেক হস্তান্তর করেন।
চেক প্রদান অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেগম মন্নুজান সুফিয়ান বলেন, এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়। করোনার এই দুর্যোগকালে এ বছর প্রায় দুই হাজার শ্রমিককে এ তহবিল থেকে প্রায় সোয়া ছয় কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।
গ্রামীণফোনের পক্ষে প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন বলেন, কভিড-১৯ এর এই প্রতিকূল সময়ে আমরা দেশের মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি শ্রমিক কল্যাণে আমাদের অবদানে অন্যরা উৎসাহিত হবেন এবং শ্রমিকদের প্রয়োজনে পাশে দাঁড়াবেন।
গ্রামীণফোনসহ দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ১৬৫টি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ নিয়মিত এ তহবিলে জমা দিয়ে আসছে। বর্তমানে এ তহবিলে জমার পরিমাণ প্রায় ৪৪২ কোটি টাকা। এ তহবিলে সর্বোচ্চ জমাদানকারী প্রতিষ্ঠান হিসেবে, গ্রামীণফোন এখন পর্যন্ত ১৮৩ কোটি টাকা জমা দিয়েছে।
চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক বেগম জেবুন্নেছা করিম, গ্রামীণফোনের পাবলিক অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান হোসেন সাদাত প্রমুখ উপস্থিত ছিলেন।
