এরশাদের মৃত্যুবার্ষিকী

১৪ জুলাই উপনির্বাচন না করতে ইসিতে স্মারকলিপি জাপার

আপডেট : ০৯ জুন ২০২১, ১২:৪৯ এএম

জাতীয় সংসদের তিন আসনের উপনির্বাচনের ভোটের তারিখ ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিন মিলে যাওয়ায় ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে জাতীয় পার্টি। গতকাল মঙ্গলবার দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রধান নির্বাচন কশিনারের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি দেন।

আগামী ১৪ জুলাই সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে উপনির্বাচনের তারিখ রেখে সম্প্রতি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ জুলাই মৃত্যুবরণ করেন। গত বছর ২০২০ সালের ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ আসরে উপনির্বাচন হয়েছিল। সে সময়ও দলটি তারিখ পরিবর্তনের দাবি তুলেছিল, তবে ওই সময় সাড়া দেয়নি ইসি।

জাতীয় পার্টির স্মারকলিপিতে বলা হয়, ‘পল্লীবন্ধুর মৃত্যুবার্ষিকীর দিনে এবারও ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। এতে জাপা কর্মী-সমর্থকসহ সারা দেশের এরশাদভক্তরা কষ্ট পাচ্ছে। এরশাদ শুধু একজন ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান। জাপা মহান সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছে। এ অবস্থায় এরশাদের মৃত্যুবার্ষিকীতে উপনির্বাচন খুবই দুঃখজনক ও বেদনাদায়ক।’ সেজন্য ১৪ জুলাই উপনির্বাচনের তারিখ পরিবর্তন করে অন্য যে-কোনো দিন ভোট করার দাবি জানানো হয় স্মারকলিপিতে।

দলের একটি প্রতিনিধিদল নিয়ে সিইসির কাছে স্মারকলিপি দেওয়ার পর দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সাংবাদিকদের বলেন, ‘সিইসিসহ অন্যান্য যারা ছিলেন, তারা আমাদের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন। তিনি (সিইসি) বলেছেন, আমি একা কিছু করতে পারব না। পুরো কমিশন বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বসে আপনাদের পরে এ বিষয়ে জানাব।’

নির্বাচন নিয়ে অনেক ‘প্রশ্ন আছে’ মন্তব্য করে জাতীয় পার্টি মহাসচিব বলেন, ‘তারপরও আমরা জাতীয় পার্টির বক্তব্য নিয়ে নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাই। সেজন্য আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে সকল নির্বাচনে অংশগ্রহণ করি। আমরা নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে আমরা কোনো নির্বাচন চাই না জানিয়ে এই নেতা বলেন, ‘ওই দিনে উপনির্বাচনের তারিখ নির্ধারিত থাকলে নির্বাচনের ব্যাপারে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে।’  সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন সেখানে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত