দেশের মধ্যেই সরকারি সফরের গিয়ে চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার ম্যাক্রোঁ দক্ষিণ-পূর্ব ফ্রান্সের দ্রোম অঞ্চল সফরে থাকার সময় ঘটনাটি ঘটে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে তার নিরাপত্তারক্ষীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ভ্যালেন্সে শহরের তাই-হারমিতেজ শহরে ব্যারিকেডের ওপারে থাকা মানুষদের সঙ্গে কথা বলছিলেন ম্যাক্রোঁ। এসময় সবুজ টি-শার্ট পরা এক ব্যক্তি তার গালে চড় মারেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা তাকে সরিয়ে দেন। পরে প্রেসিডেন্টকেও সেখান থেকে নিয়ে আসা হয়।
কভিড-১৯ মহামারীর কারণে আরোপ করা নানা বিধিনিষেধ তোলার পর কীভাবে মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরছে তা নিয়ে কথা বলার জন্য ম্যাক্রোঁ ওই এলাকার রেস্তোরাঁকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানেই এই কাণ্ডের শিকার হন তিনি।
ভিডিওতে ধাতব বেড়ার অপর পাশে থাকা সমর্থকদের দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে এগিয়ে যেতে দেখা যায় প্রেসিডেন্টকে। কিন্তু সমর্থকদের কাছে তার হাত পৌঁছানোর আগেই সবুজ টি-শার্ট গায়ে চোখে সানগ্লাস ও মুখে মাস্ক পরা এক ব্যক্তিকে ‘ডাউন উইথ ম্যাক্রোঁনিয়া’ বলে চিৎকার করে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর গালে চড় মারতে দেখা যায়।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স এ ঘটনাকে গণতন্ত্রের ওপর আক্রমণ বলে বর্ণনা করেছেন। এলিসি প্যালেস থেকে বলা হয়, সেখানে ম্যাক্রোঁর ওপর হামলার চেষ্টা করা হয়েছিল। জ্যঁ ক্যাসটেক্স বলেছেন, গণতন্ত্র মানেই আপনার যা খুশি তাই করার স্বাধীনতা না। মুখে আপনি অনেক কিছুরই সমালোচনা করতে পারেন। কিন্তু কাউকে আঘাত করা মানে সহিংসতা। এটা হামলা।
