কানাডার অন্টারিওতে একটি মুসলিম পরিবারের ওপর ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনায় ওই পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চারজনই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী। এদের বয়স যথাক্রমে ৭৪ ও ৪৪ বছর বলে জানিয়েছে এনডিটিভি।
গত রবিবারের ওই ঘটনায় ১৫ বছরের এক কিশোরী এবং ৪৬ বছর বয়সী এক ব্যক্তিও নিহত হয়েছেন। তবে ভাগ্যক্রমে ৯ বছর বয়সী এক শিশু বেঁচে গেলেও মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।
২০ বছর বয়সী নাথানিয়াল ভেল্টম্যান নামে এক যুবক ওই হামলা চালিয়েছে। পূর্বপরিকল্পিতভাবে সে এ হামলা চালিয়েছে, যাকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে দেখছেন অনেকে। হামলার পর ঘটনাস্থল থেকে নাথানিয়ালকে আটক করেছে কানাডিয়ান পুলিশ। তবে হামলাকারী কোনো বিদ্বেষমূলক অপরাধের সঙ্গে সম্পৃক্ত গ্রুপের সদস্য কি না তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
পরে এক সংবাদ সম্মেলনে অন্টারিওর পুলিশ প্রধান বলেন, হত্যার ধরন দেখে এটাকে বিদ্বেষমূলক অপরাধ বলা যেতে পারে। পরিবারটি মুসলিম বলেই নাথানিয়াল তাদের ওপর ট্রাক চালিয়ে দিয়েছেন। এটাকে ইসলামোফোবিয়া বা ইসলামভীতি বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও বলেন, ঘটনাটি নিয়ে আরও পর্যবেক্ষণ দরকার।
এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, তিনি হতাহত পরিবারের পাশে আছেন। এর আগে ২০১৭ সালে কানাডায় একই ধরনের ঘটনায় প্রাণ হারান ছয় মুসলিম ব্যক্তি।
