গাজীপুরে স্কুলছাত্র হত্যার রহস্য উদঘাটন

আসামিদের চিনে ফেলায় গলা কাটা হয় মুন্নার

আপডেট : ০৯ জুন ২০২১, ০২:১৪ এএম

গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকার ভাড়া ফ্ল্যাটে উত্তরা শাহিন ক্যাডেট স্কুলের শিক্ষার্থী তৌসিফুল ইসলাম মুন্নাকে (১৪) গলা কেটে হত্যা করা হয়। প্রায় দুই বছর আগের এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং হত্যায় সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পিবিআই।

সংস্থাটি বলছে, মুন্নাকে ঘরে একা পেয়ে মোবাইল ফোন ও ক্যামেরা লুটের চেষ্টা করে দুর্বৃত্তরা। তাদের চিনে ফেলা ও লুটে বাধা দেওয়ায় মুন্নাকে গলা কেটে এবং নাড়িভুঁড়ি বের করে নৃশংসভাবে হত্যা করা হয়।

গতকাল মঙ্গলবার পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, এ হত্যার ঘটনায় সরাসরি যুক্ত ময়মনসিংহের হালুয়াঘাটের চকমোকামিয়া এলাকার কুদ্দুস আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (২৫) ও জামালপুরের বকশিগঞ্জের জাকিরপাড়া এলাকার ওসমান আলীর ছেলে মো. মোফাজ্জলকে (৩১) গত সোমবার রাতে টঙ্গীর গাজীপুরা থেকে গ্রেপ্তার করা হয়।

২০১৯ সালের ১৮ জুলাই সকালে গাজীপুরা সুমন মার্কেটের হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বাড়ির চতুর্থতলার ভাড়া ফ্ল্যাটে খুন হয় তৌসিফুল ইসলাম মুন্না। পরে নিহতের বাবা মিজানুর রহমান জাহাঙ্গীর টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত