সড়কে প্রাণ গেল ৪ জনের

আপডেট : ০৯ জুন ২০২১, ০২:১৬ এএম

ঢাকাসহ দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ফেনী সদরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নাটোর সদরে ট্রলি উল্টে এক ট্রলিচালক প্রাণ হারিয়েছেন। এছাড়া নওগাঁর মান্দায় ট্রাকচাপায় এক ব্যবসায়ী ও ঢাকার সাভারে বাস-অটোরিকশা সংঘর্ষে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :

ফেনী : সদর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে খায়েরুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গত সোমবার গভীর রাতে উপজেলার ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁ : মান্দায় ট্রাকচাপায় শাহজাহান আলী (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বিকেলে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ব্যাটারিচালিত অটোভ্যানে করে ভাঙ্গারি বিক্রি করতেন শাহজাহান আলী। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ভাঙ্গারি কিনে বাড়ি ফেরার পথে রাজশাহীগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাভার : ধামরাইয়ে বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে কবির হোসেন (২৭) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধামরাইয়ে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতে তিনি। গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।

নাটোর : সদর উপজেলায় বালুভর্তি ট্রলি উল্টে নুর আলম (৪২) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার লক্ষ্মীপুর পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ঢিবি থেকে বালুবোঝাই শেষে ট্রলিটি ঘুরাতে গেলে সেটি উল্টে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত