আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিনে তিন উপনির্বাচনে ভোটগ্রহণের সিদ্ধান্ত পরিবর্তন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ধন্যবাদপত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এ কথা বলেন।
এর আগে জাতীয় পার্টির পক্ষ থেকে এরশাদের মৃত্যুবার্ষিকীর দিন দেশের তিন সংসদীয় আসনে উপনির্বাচন না করে তারিখ বদলের দাবি জানানো হয়েছিল।
নির্বাচন কমিশন ১৪ জুলাই পল্লীবন্ধুর মৃত্যুবার্ষিকীর দিনের পরিবর্তে তিন শূন্য আসনে ২৮ জুলাই ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়ে তার প্রতি সম্মান দেখিয়েছে। এতে জাতীয় পার্টিসহ সর্বস্তরের এরশাদপ্রেমীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা।’
গত ২ জুন নির্বাচন কমিশনের এক সভায় ১৪ জুলাই ঢাকা-১৪, কুমিল্লা-৫ এবং সিলেট-৩ শূন্য আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে গত ৪ জুন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এক বিবৃতিতে ১৪ জুলাই নির্বাচন না করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
