দুর্নীতির অভিযোগ

চৌহালির চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্য বরখাস্ত

আপডেট : ১১ জুন ২০২১, ০১:৩৭ এএম

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুল মতিন মন্ডলকে (৬৫) অনিয়ম-দুর্নীতির অভিযোগে স্থায়ী বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে খাসপুখুরিয়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য জহুরা বেগমকে (৫০) ভিজিডির ৪৭ বস্তা চাল আত্মসাৎ করার অভিযোগে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। গত ৯ জুন স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন দুটি চিঠিতে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, উমারপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল সরকারের ভিজিডি কার্ডধারীদের চাল বিতরণে অনিয়ম, ভিজিডি কার্ডধারীদের প্রতি মাসে দুইশ টাকা জমা না দিয়ে উল্টো আরও ৫০ টাকা করে সঞ্চয় আদায়, জেলেদের মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণে অনিয়ম করেছেন। ২০১৯-২০ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসূচির আওতায় শ্রমিকদের মাথাপিছু এক হাজার টাকা উত্তোলন ছাড়াও চেকে ভুয়া স্বাক্ষর দিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন তিনি। শুধু তাই নয়, বিধিবিধানের তোয়াক্কা না করে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের টাকা উত্তোলন করেছেন। তার বিরুদ্ধে এসব অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সুপারিশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া কেন চূড়ান্তভাবে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হবে না তা নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে কারণ দর্শানোর অনুরোধ করা হয়। কিন্তু আব্দুল মতিন ম-লের জবাব সন্তোষজনক না হওয়ায় এবং তার এসব কর্মকান্ডজনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে পদ থেকে স্থায়ী অপসারণ করা হয়।

অপরদিকে খাসপুখুরিয়া ইউনিয়নের ৫, ৬, ৯ নং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য জহুরা বেগম সম্পর্কে চিঠিতে বলা হয়, তার জবাবও সন্তোষজনক না হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশে তাকেও স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন বলেন, এ সংক্রান্ত পৃথক দুটি চিঠি হাতে পেয়েছি। অবিলম্বে চিঠির নির্দেশনা মোতাবেক চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদ শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত