গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার করোনা মোকাবিলায় বাংলাদেশকে কিছু জরুরি সুরক্ষা সামগ্রী পাঠিয়েছে। বাংলাদেশ সরকারের অনুরোধে এসব সামগ্রী নিয়ে যুক্তরাষ্ট্রের দুটি বিমান পৌঁছায়। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল পালস অক্সিমিটার, কেএন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক এবং প্রতিরোধমূলক চশমা, যার মূল্য প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) ডা. এ বি মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রতিনিধিসহ ইউএসএইড মিশনের পরিচালক এই উপহার সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অন্যদিকে গতকাল জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহ্রেনহোলজ ৪ লাখ ৬২ হাজার নন-স্টেরাইল সার্জিক্যাল ফেস মাস্ক বাংলাদেশ সরকারকে উপহার দিয়েছেন বলেও একই বিজ্ঞপ্তিতে জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এই উপহার সামগ্রী গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বর্ধন জং রানা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের মানুষের প্রতি যুক্তরাষ্ট্র ও জার্মানির সরকার এবং তাদের জনগণের বন্ধুত্বপূর্ণ সংহতি এবং সহায়তার জন্য বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই উষ্ণ বন্ধুত্ব এবং সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে বাংলাদেশ সরকার ও তার জনগণ আশা করে।
