নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৫ শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল শুক্রবার সকালে চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণের ঘাট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, মমিনা বেগম (২৬), রাশেদা (২৩), খতিজা (৮৩), জুবায়েদা (১৬), ইউছুফ (৩৫), খায়ের হোসেন (৩৫), সিদ্দিক (২০), আবুল হায়েজ (১৩), শহিদ (৬), তারেক (৮), আরমান (১) ও ওমাহের (৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি ভাড়া নৌকাযোগে আসা ১২ রোহিঙ্গাকে চরএলাহী দক্ষিণ ঘাটে আটক করে স্থানীয় লোকজন। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ভাসানচর থেকে পালিয়ে তারা তাদের পুরাতন ক্যাম্প কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।
