গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে চারটি গুদামে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়েছে। আগুন নেভাতে গিয়ে অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে টঙ্গীর মিলগেট অলিম্পিয়া টেক্সটাইল মিলের ভেতরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি, উত্তরার ৩টি ও ঢাকা জোন-৩ এর দুটিসহ আটটি ইউনিট প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ ঝুট ব্যবসায়ী সবুজের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও তিনটি গুদামে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এর আগে বিকেলে গুদামগুলোতে কয়েক ট্রাক ঝুট মালামাল সংরক্ষণ করা হয়।
