চট্টগ্রাম নগরীতে একটি কবরস্থানে নতুন সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে ১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজন গুলিবিদ্ধ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন চসিকের ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকলিয়া আবদুল লতিফ হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ চারজন হলেন মো. মাসুদ (২৮), আবদুল্লাহ কাউছার (৩৯), মো. মুরাদ (২৫) ও মো. ফয়সাল (২৮)। এ ছাড়া সংঘর্ষে আহতরা হলেন মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮) রিয়াজ উদ্দিন (২০), মো. আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন (২৫) ও মো. সামাদ (২২)।
এ প্রসঙ্গে বাকলিয়া থানার ওসি রুহুল আমীন বলেন, ওই এলাকার বড় মৌলভীর বাড়িসংলগ্ন একটি কবরস্থান রয়েছে। সেখানে নতুন করে সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে মৌলভী বাড়ির লোকজন ও ইয়াকুব আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সকালে বড় মৌলভী বাড়ির লোকজন ও প্রতিবেশীরা মিলে সেখানে সাইনবোর্ড টানাতে যায়। তখন ইয়াকুব আলীর বাড়ি ও এলাকার লোকজন গিয়ে তাদের বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে ঝগড়া ও পরে সংঘর্ষ হয়। সেখানে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমরা তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।
সংঘর্ষে আহতদের দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি এএসআই শীলব্রত বড়ুয়া জানান, দুপুরে আহতদের নিয়ে আসা হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের ২০ ও ২৫ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করেন। তাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
