ভারতে আশ্রয় নিচ্ছে মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধারা

আপডেট : ১২ জুন ২০২১, ০১:৪১ এএম

মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানের মুখে কয়েক হাজার মানুষ সীমান্ত অতিক্রম করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রবেশ করছে। এর ফলে ভারতীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, অঞ্চলটি মিয়ানমারের গণতন্ত্রপন্থি অ্যাকটিভিস্টদের সক্রিয়তার মঞ্চ হয়ে উঠতে পারে এবং অস্থিতিশীলতা তৈরি করবে।

গত বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে; মিজোরাম, মনিপুর ও নাগাল্যান্ডে বর্তমানে মিয়ানমারের প্রায় ১৬ হাজার মানুষ অবস্থান করছে। নাগরিক সমাজ ও সরকারি কর্মকর্তাদের ধারণা, আগামী কয়েক মাসে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। মিয়ানমার থেকে পালিয়ে আসা সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছেন মিজোরামে। এখানে গণতন্ত্রপন্থি যোদ্ধাদের ওপর কড়া নজর রাখছে কর্র্তৃপক্ষ। রাজ্য সরকারের এক উপদেষ্টা বলেন, আমরা খুব নিবিড়ভাবে নজর রাখছি। তিনি জানান, বেশ কিছু দিন আগে স্থানীয় ভারতীয়দের সহযোগিতায় মিয়ানমারের কয়েকজন যোদ্ধা সীমান্ত অতিক্রম করেছিলেন। কিন্তু পরে তারা ফিরে গেছেন।

ওই উপদেষ্টা বলেন, আমরা মিজোরামে তাদের প্রশিক্ষণ কখনো অনুমোদন দেব না। আপনি মিয়ানমারে সমস্যা তৈরি করেন তাহলে শরণার্থীরা বিপাকে পড়বে।

রাজ্যের এক পুলিশ কর্মকর্তা ও প্রতিরোধ সংগ্রামের এক সদস্য রয়টার্সকে জানান, মে মাসের শুরুতে মিয়ানমারের অন্তত ৫০ জন মানুষ মিজোরামে একটি প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তুলেছিল। চাম্পাই জেলায় স্থাপিত ক্যাম্পটিতে অস্ত্রের ব্যবহার ছিল না। ভারতীয় আধা সামরিক বাহিনীর তল্লাশির পর ক্যাম্পটি পরিত্যক্ত হয়। ক্যাম্পের সবাই মিয়ানমারে ফিরে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত