রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ মৃত্যু

আপডেট : ১২ জুন ২০২১, ০৩:০২ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। এর মধ্যে একজন করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরণ করেছেন। তার বড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের সবার বাড়ি রাজশাহী জেলায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ১ জুন থেকে ১২ জুন সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১১২ জন। এর মধ্যে ৬৪ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে সকালে রোগী ভর্তি ছিলেন ২৮৯ জন। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৪১ জন। আর করোনা সন্দেহে চিকিৎসা চলছে ১১২জনের। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন। চিকিৎসাধীন রোগীর মধ্যে রাজশাহীর ১২২, চাঁপাইনবাবগঞ্জের ১২০ রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন।  এর মধ্যে রাজশাহীর ১৪, চাপাই নবাবগঞ্জের ৮ নাটোর ২ ও পাবনার ১জন। একই  সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ রোগী।

এদিকে, করোনাভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত রাজশাহীতে শুক্রবার একদিনে ৩০৩জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ, রামেক হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতালের জিন এক্সপার্ট ও নগরীর বিভিন্ন পয়েন্টে এন্টিজেন টেস্টে এসব করোনা রোগী শনাক্ত হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে মোট ৩৬৮জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। এখানে রাজশাহীর ১৯১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮৫জনের। চাঁপাইনবাবগঞ্জের ৭২জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা পজিটিভ হয়েছেন ১৪ জন। নওগাঁর ১০৪জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের পজিটিভ এসেছে। নাটোরের ১ জনের নমুনা করে ১জনেরই করোনা ধরা পড়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার হাসপাতাল ল্যাবে ১৭৫জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

এদিন রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালে জিন এক্সপার্ট মেশিনে ২৮ জনের করোনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন জানিয়েছে, রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে শুক্রবার এন্টিজেনের মাধ্যমে মোট ১৮৮৭ জনের করোনা পরীক্ষা করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে, করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে শুক্রবার বিকেল ৫টা থেকে রাজশাহী শহরে সর্বাত্মক লকডাউন চলছে। স্থানীয় প্রশাসন আগামী ১৭ জুন পর্যন্ত এই লকডাউন ঘোষণা করে। লকডাউনের কারণে শুক্রবার বিকেল থেকে শহরের দোকান পাট বন্ধ, গণপরিবহন চলছে না। রাস্তায় সাধারণ মানুষের চলাচলও সীমিত হয়ে গেছে। রাস্তায় মানুষের চলাচল ঠেকাতে মোড়ে মোড়ে পুলিশের তৎপরতা রয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি ভ্রাম্যমাণ আদালত শহরে কাজ করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত