ডেল্টা লাইফের পর্ষদ অনির্দিষ্টকাল স্থগিত

আপডেট : ১২ জুন ২০২১, ১১:১৭ পিএম

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত (সাসপেন্ড) করেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে  কোম্পানিটির পর্ষদ চার মাসের জন্য স্থগিত করা হয়েছিল। এখন নতুন করে স্থগিতের মেয়াদ বাড়ানো হলো। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে আইডিআরএ। এতে বলা হয়েছে, চার মাসের জন্য ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ স্থগিত করা হয়েছিল। কিন্তু  বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে অনিশ্চিত লকডাউন ও সার্বিক চলাচলে বিধিনিষেধ আরোপের ফলে সাসপেনশনের নির্ধারিত উদ্দেশ্যগুলো এখনো পূরণ করা সম্ভব হয়নি।

‘এ অবস্থায় ডেল্টা লাইফের আয়-ব্যয়, সরকারি রাজস্ব তথা ভ্যাট ফাঁকি, আয়কর ফাঁকি, স্ট্যাম্প ডিউটি ফাঁকি এবং অন্যান্য গুরুতর অনিয়মের বিষয়ে নিরীক্ষা প্রতিবেদন সম্পন্ন করতে আইডিআরএ কর্তৃক পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত কোম্পানির পরিচালনা পর্ষদের সাসপেনশন অব্যাহত থাকবে’ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ১১ ফেব্রুয়ারি পুঁজিবাজারে তালিকাভুক্ত এই  কোম্পানিটিতে মাসিক ৪ লাখ টাকা সম্মানীতে আইডিআরএর সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। সুলতান-উল-আবেদীন মোল্লাকে পাঠানো চিঠিতে আইডিআরএ জানায়, বীমা আইন ২০১০-এর ৯৬ ধারার (১) উপধারা অনুযায়ী প্রশাসক হিসেবে চড়ান্তভাবে দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যে কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন দাখিল করতে হবে।

বীমা আইন ২০১০-এর ধারা ৯৫ (৩)-এর আলোকে নতুন পলিসি ইসু্যু আগের মতো অব্যাহত রাখা এবং কোম্পানির ব্যবসা ও অন্যান্য কার্যক্রম যথারীতি পরিচালনা করতেও বলা হয় ওই নির্দেশনায়। চিঠিতে বলা হয়েছে, কোম্পানির প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় মো. শাখাওয়াত নবী, (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) এবং মো. রফিকুল ইসলামকে (অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব) পরামর্শক হিসেবে শিগগিরই নিয়োগ দিয়ে  কোম্পানির প্রশাসনিক কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করার বিষয় নিশ্চিত করতে হবে।

 শিগগিরই সুপ্রতিষ্ঠিত কোনো দেশি বা বিদেশি অডিট ফার্ম দিয়ে কোম্পানির অডিট  শেষ করতেও নির্দেশ দেওয়া হয় চিঠিতে। পাশাপাশি যেকোনো সময় বীমা ব্যবসা পরিচালনাকালে উদ্ভূত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনার জন্য আবেদন করতে বলা হয়েছে। তার আগে ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে  ডেল্টা লাইফের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ  হোসেন তাদের কাছে ঘুষ দাবি করেছেন। সেই সঙ্গে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ আচরণেরও অভিযোগ করে প্রতিষ্ঠানটি। পরে কোম্পানির পরিচালনা পর্ষদ বহিষ্কার করে প্রশাসক নিয়োগ দেয় আইডিআরএ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত