আসছে ফারুকীর প্রথম ওয়েব কনটেন্ট

আপডেট : ১২ জুন ২০২১, ১১:৩৩ পিএম

প্রথমবারের মতো ওয়েব প্লাটফর্মে কাজ করছেন বড় পর্দার তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ খবর জানার পর থেকে দর্শকরা বেশ উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন সিরিজটি দেখার জন্য। তবে ফারুকী তার অন্য কাজের মতোই এই কাজটি নিয়েও বেশ গোপনীয়তা বজায় রেখেছিলেন। সিরিজটির নাম কী? গল্প কী ধরনের? কারা অভিনয় করছেন? এমনকি কোন প্ল্যাটফর্মে এটি প্রকাশিত হবে কিছ্ইু জানাননি। শ্যুটিংও হয়েছে খুব গোপনীয়তা রক্ষা করে। তবে এরইমধ্যে সিরিজটি নিয়ে বেশ কিছু তথ্য খোলাসা হয়েছে। সিরিজটির নাম এখনো প্রকাশ না হলেও এর সম্ভাব্য নাম ‘নতুন প্রেমের তরী’ হতে পারে বলে জানিয়েছিলেন নির্মাতা। এর বাইরে কোনো তথ্যই জানাননি তিনি। তবে ফারুকী নিজে তেমন কিছু না জানালেও সিরিজটির টিম থেকে অনেক কিছুই জানা গেছে। সিরিজটি সামাজিক পলিটিক্যাল ঘরানার। এখানে দুটি রাজনৈতিক পক্ষ রয়েছে। একপক্ষের নেতৃত্বে আছেন আফজাল হোসেন, আরেক পক্ষে জয়ন্ত চট্টোপাধ্যায়। মামুনুর রশীদ অভিনয় করেছেন একজন ডিমেনশিয়া রোগীর চরিত্রে। যিনি কিছুই মনে রাখতে পারেন না। অথচ একটা সময় তিনি ছিলেন একটি কোম্পানির জেনারেল মানেজার। বিভিন্ন ঘটনায় সব সম্পত্তি হারিয়ে মানসিক স্থিতিহীন হয়ে পড়েন। তার একমাত্র অবলম্বন হয়ে ওঠে তার মেয়ে ফারিন। তিনি ফারিনকে ছাড়া তার স্বামী মনোয়ারকেও চেনেন না। মামুনুর রশীদ বলেন, ‘এ ধরনের চরিত্র আগে কখনোই করিনি। আমি বলব এ ধরনের চরিত্র আমাদের দেশের প্রেক্ষাপটে লেখাও হয়নি। আমি অভিনয়ের যথেষ্ট সুযোগ পেয়েছি। চেষ্টা করেছি। ফারুকীও খুব সুন্দর করে পুরো বিষয়টা উপস্থাপন করেছে। এখন এর বেশি কিছু বলতে পারব না। ইউনিট থেকে এই কাজের ব্যাপারে বিস্তারিত জানানো নিষেধ আছে।’

এপ্রিলের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে সিরিজটির ঘোষণার কথা থাকলেও সেটি আর সম্ভব হয়নি। অবশেষে ফারুকী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সিরিজটির একটি বিহাইন্ড দ্য সিন প্রকাশ করেছেন। এর মাধ্যমে অভিনয়শিল্পী কারা এবং, তাদের লুক কেমন হবে তার স্পষ্ট ধারণা পাওয়া গেছে। ভিডিও ক্লিপটি দেখে বোঝা যাচ্ছে ফারুকীর ওয়েব কনটেন্টে বসতে চলেছে তারার হাট। বিভিন্ন প্রজন্মের অনেক তারকার অভিনয় একসঙ্গে দেখতে পারবেন দর্শক। মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আফজাল হোসেন, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, মুকিত জাকারিয়া, ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, তাসনিয়া ফারিন, মারিয়া নূর, রিফাত চৌধুরী, শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে অভিনয় করেছেন! ক্যামেরার  পেছনের এই ভিডিওতে চমক হিসেবে রয়েছেন একাধিক বিদেশিও। তাদের ভূমিকা কী তা জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বিষয়টি নিয়ে কথা বলতে ফারুকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অপেক্ষার প্রহর ফুরাচ্ছে! আগামীকাল বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে আমার প্রথম ওয়েব কনটেন্ট নিয়ে সবকিছু খোলাসা করব। এখন যেহেতু করোনার জন্য জনসমাগম কিংবা ফিজিক্যালি কোনো আয়োজন করা যাচ্ছে না তাই আমরা ভার্চুয়ালি একটি আয়োজন করেছি। আমার ফেইসবুক পেইজ এবং এর প্রযোজনা, প্রকাশনার সঙ্গে জড়িত সবার পেইজ থেকেই একযোগে সবাইকে জানানো হবে। সেখানে বেশ কিছু নতুন তথ্য আমরা প্রকাশ করব।’ বিহাইন্ড দ্য সিন প্রসঙ্গে ফারুকী বলেন, ‘বিহাইন্ড দ্য সিন আসলে সবাই করে। তবে সেটি কনটেন্ট প্রকাশের আগে কেউ মুক্তি দেয় না। যেহেতু আমাদের কাজটি নিয়ে তেমন কিছুই জানাইনি তাই এই ভিডিওটির মাধ্যমে দর্শককে জানালাম যে এতদিন ধরে আমরা একটি কাজ করেছি। এখন সেটি দর্শকের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। প্রচারণার জন্যই এমনটি করা।’

কোন প্লাটফর্মের জন্য কাজ করছেন ফারুকী, দেশি নাকি বিদেশি? এমন কৌতূহলও ছিল অনেকের। তবে এই ভিডিও ক্লিপ শেয়ার করার পর সেটা বোধহয় অনেকেই আঁচ করতে পারছেন, কারণ ভিডিও ক্লিপটি শেয়ার করা হয়েছে ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম ‘জি ফাইভ’-এর অফিশিয়াল ফেইসবুক পেইজেও। যদিও এ বিষয়েও চুপ ফারুকী। বিষয়টি জানতে চাইলে মজা করে তিনি বলেন,‘অফিশিয়ালি আমি এখনো জানি না!’ এশিয়াটিকের কনটেন্ট এজেন্সি গুড কোম্পানি লিমিটেডের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে আলোচিত ‘কন্ট্রাক্ট’ ওয়েব সিরিজটির মতোই ফারুকীর প্রথম ওয়েব কনটেন্টটিও প্রযোজনা করছে জি-ফাইভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত