প্রথমবারের মতো মঙ্গলগ্রহে রোভার পাঠানোর পর নিজেদের সাফল্যকে আরেক ধাপ ওপরে নিয়ে গেল চীন। ‘ঝুরং’ নামে ওই রোভার সম্প্রতি পৃথিবীতে নতুন কয়েকটি ছবি পাঠিয়েছে, যেগুলোর মধ্যে একটি সেলফিও রয়েছে। ঝুরং মূলত একটি রোবট। গত মে মাসে এটি মঙ্গলের মাটিতে অবতরণ করে। সেলফি তোলার জন্য ‘ঝুরং’ একটি ওয়্যারলেস ক্যামেরা ভূমিতে রাখে। তারপর কিছুটা দূরে সরে গিয়ে একটি সেলফি তোলে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
গত শুক্রবার নিজেদের রোভার মিশনের সাফল্য উদযাপনের এক অনুষ্ঠানে নতুন এই ছবিগুলো প্রকাশ করে চীনের মহাকাশ গবেষণা সংস্থা। সংশ্লিষ্টরা বলছেন, রোভারটি দেখতে অনেকটাই বিশ শতকে মঙ্গলে পাঠানো নাসার স্পিরিট ও অপরচুনিটির মতো। সৌরশক্তি চালিত ছয় চাকাওয়ালা ২৪০ কেজি ওজনের রোভারটি মঙ্গলের লাভা-প্রান্ত ‘ইউটোপিয়া প্ল্যানিটিয়া’তে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করছে। এর লম্বা একটি মাস্তুলে চলাচল ও ছবি তোলার জন্য ক্যামেরা লাগানো রয়েছে। এ ছাড়া এতে আরও পাঁচটি সরঞ্জাম সংযুক্ত রয়েছে, যা মঙ্গলের খনিজ, প্রকৃতি, আবহাওয়া প্রভৃতি বিশ্লেষণ করবে। আগামী তিন মাস ধরে এ কাজ করবে ঝুরং। ঝুরংয়ের সোলার প্যানেল উন্মুক্ত করে পৃথিবীতে সংকেত পাঠাতে ১৭ মিনিট সময় লাগে।
বিবিসি বলছে, চীনা ভাষায় ঝুরং শব্দের অর্থ হলো ‘আগুনের দেবতা’। তিয়ানওয়েন-১ নভোযানে করে রোভারটি মঙ্গলে পাঠানো হয়েছে। গত ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে তিয়ানওয়েন-১। এর সার্বিক তত্ত্বাবধানে আছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।
