ভারতে ৭০ দিনের মধ্যে সবচেয়ে কম শনাক্ত

আপডেট : ১৩ জুন ২০২১, ০১:৩৭ এএম

ভারতে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৪ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা গত ৭০ দিনের মধ্যে এক দিনে সবচেয়ে কম সংক্রমণ। গতকাল শনিবার দেশটির কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, গত পাঁচ দিন ধরে ভারতে করোনার সংক্রমণ এক লাখের নিচে রয়েছে। এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ ২ কোটি ৯৩ লাখের বেশি। সংক্রমণ কমে এলেও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে চার হাজারেরও বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে মারা গেলেন ৩ লাখ ৬৭ হাজারের বেশি। গত এক দিনে যারা মারা গেছেন তার একটি বড় অংশ মহারাষ্ট্রের বাসিন্দা। এ রাজ্যে মারা গেছেন ২ হাজারেরও বেশি।

করোনাবিষয়ক আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারস বলছে, গত শুক্রবার এক দিনে ৮৪ হাজার ৬৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪ হাজার জন। ওইদিন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৩৩ জন। করোনায় মারা গেছেন ৩ লাখ ৬৭ হাজার ৯৭ জন। এর আগের দিন বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছিল ৯১ হাজার ২৬৬ জন। ওই এক দিনে মারা যান ৩ হাজার ৪০২ জন।

গত মার্চের মাঝামাঝিতে ভারতে এক দিনে ২০ হাজারের কাছাকাছি করোনা রোগী শনাক্ত হয়েছিল। তারপর দেশটিতে সংক্রমণ বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। গত মাসে ভারতে এক দিনে রেকর্ড ৪ লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়। গত ৪ এপ্রিল দেশটিতে করোনা রোগীর সংখ্যা ২ কোটি ও গত ২৩ মে করোনায় মৃত্যু ৩ লাখের মাইলফলক ছাড়ায়। দেশটিতে করোনার এমন ‘বিস্ফোরণের’ জন্য ভারতীয় ধরনকে অনেকাংশে দায়ী করা হয়। করোনার ভারতীয় ধরনগুলোর মধ্যে একটিকে ‘উদ্বেগজনক’ হিসেবেও বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত