স্বাস্থ্য খাত নিয়ে টিআইবির প্রকাশিত রিপোর্ট ‘আগাগোড়া মিথ্যা’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, করোনাকালীন সংকটকালে দেশের স্বাস্থ্য খাত যখন বিশ্বব্যাপী প্রশংসিত তখন টিআইবি দেশের স্বাস্থ্য খাতকে নিয়ে একটি অসত্য রিপোর্ট তুলে ধরেছে। টিআইবির রিপোর্টটি আগাগোড়াই ভুল তথ্যসংবলিত।
গতকাল শনিবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনাযুদ্ধে শহীদ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
একই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সিনোফার্মের টিকা কিনতে চীনের সঙ্গে ক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে। এর আগে ভ্যাকসিনের দাম প্রকাশ হওয়ায় আমাদের সমস্যা হয়েছে। এজন্য চুক্তি অনুযায়ী কঠোর গোপনীয়তা বজায় রাখতে হবে।’
টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে থেকে টিআইবি স্বাস্থ্য খাত নিয়ে মনগড়া সমালোচনা করেছে। করোনার দুঃসময়ে টিআইবি মাঠে নেমে কোনো কাজ করেনি। মাঠে কাজ করেছে দেশের স্বাস্থ্য খাতের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। তারা (টিআইবি) বলছে, রোগীদের জন্য আমরা কোনো চিকিৎসার ব্যবস্থা করিনি। অথচ সারা দেশে ১৫ হাজার বেডের ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র করোনা চিকিৎসার জন্য। যে কারণে ভারতের মতো এমন পরিস্থিতি তৈরি হয়নি। এখনো অনেক দেশ যথাযথভাবে লকডাউন বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু বাংলাদেশে এখনো লকডাউন চলমান।’
টিকা ক্রয়ের বিষয়ে মন্ত্রী বলেন, ‘টিকা ক্রয়ে সততা ছিল না বলে দাবি করছে টিআইবি। কিন্তু আমরা তাদের সঙ্গে স্পষ্ট চুক্তির মাধ্যমে টিকা ক্রয় করেছি। টিকার জন্য তাদের কত টাকা দিতে হবে সব বিস্তারিত ছিল।’
আইসিইউ নিয়ে তিনি বলেন, ‘করোনার মধ্যে আইসিইউ বাড়াতে পারিনি বলে টিআইবি যে দাবি করছে এটা সঠিক নয়। গত বছর যেখানে তিনশ থেকে চারশ আইসিইউ ছিল সেখানে এখন ১ হাজারের বেশি আইসিইউর ব্যবস্থা করা হয়েছে।’
ভ্যাকসিন প্রদান কার্যক্রম যখন গোটা দেশেই প্রশংসিত হয়েছে তখন টিআইবি সেটি নিয়েও সমালোচনা করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন কার্যক্রমে যখন দেশে-বিদেশে আমাদের সুনাম হয়েছে, তারা সেটি নিয়েও সমালোচনা করেছে। সুতরাং স্বাস্থ্য খাতকে নিয়ে টিআইবির এই মনগড়া মিথ্যা রিপোর্টটি একেবারেই অগ্রহণযোগ্য।’
আজ আসছে চীনের উপহারের টিকা
চীনের দ্বিতীয় দফা উপহারের ৬ লাখ করোনার টিকা আজ রবিবার ঢাকায় আসছে। গতকাল শনিবার বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান টিকা আনতে চীনের উদ্দেশে রওনা হয়েছে। উপহারের টিকা আর চিকিৎসাসামগ্রী নিয়ে বিমানটি আজ (রবিবার) বিকেলে ঢাকায় ফিরে আসবে।
