সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চলতি বছর পুলিৎজার পুরস্কার পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের দুই সাংবাদিক। পৃথক ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া এই দুজন হলেন মেঘা রাজগোপালন ও নীল বেদি। গত শুক্রবার সাংবাদিকতায় সবচেয়ে মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার ঘোষণা করা হয়। দুই সাংবাদিক ছাড়াও এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, এপি, দ্য মিনিয়াপোলিস স্টার ট্রিবিউনের মতো গণমাধ্যম।
এনডিটিভি বলছে, পুলিৎজারের আন্তর্জাতিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মেঘা রাজগোপালন। উইঘুর মুসলিমদের ওপর চীনের নির্যাতনের খবর গণমাধ্যমে তুলে আনায় তিনি এ পুরস্কার পান। মেঘা যুক্তরাষ্ট্রের বাজফিড পত্রিকায় কর্মরত।
আর স্থানীয় সাংবাদিকতা ক্যাটাগরিতে অনন্য এ সম্মান পেয়েছেন নীল বেদি। তিনি যুক্তরাষ্ট্রের দ্য টাম্পা বে টাইমসের অনুসন্ধানী প্রতিবেদক। ফ্লোরিডা অঙ্গরাজ্যে অপরাধীদের ধরতে পুলিশের কম্পিউটার ব্যবহার নিয়ে তদন্তমূলক সিরিজ প্রতিবেদন করেন নীল বেদি। এরই স্বীকৃতিস্বরূপ পুলিৎজার পেলেন তিনি। বেদির কাজে সহায়তা করায় যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন ক্যাথলিন ম্যাকগ্ররিও।
মেঘা রাজগোপালনের জন্য প্রথম নয়, তার পত্রিকা বাজফিডের জন্যও আন্তর্জাতিক ক্যাটাগরিতে এমন পুরস্কার প্রথম। পুরস্কার পেয়ে আপ্লুত মেঘা রাজগোপালন বলেন, ‘আমি স্তম্ভিত। বাজফিডের গোটা দলের প্রতি আমি কৃতজ্ঞ। এ কাজে অনেকেই আমাকে সাহায্য করেছেন। তবে সেই সব প্রাক্তন কয়েদিকে ধন্যবাদ জানাতে চাই, যারা অনেক ঝুঁকি নিয়ে জিনজিয়াং প্রদেশের ক্যাম্পের বিষয়ে আমাকে তথ্য দিয়েছেন।’
এবার বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ভিডিওধারণ করা কিশোরীকে। মোবাইল ফোনে সেই ভিডিওটি ধারণ করেছিল ডারনেলা ফ্রেজিয়ার (১৭)।
বিবিসি বলছে, করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ প্রকাশের জন্য জনসেবা ক্যাটাগরিতে পুলিৎজার পেয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েডকে আটক করতে গিয়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিন হাঁটু দিয়ে তার ঘাড় চেপে ধরেন। এতে দম বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড। ফ্লয়েড হত্যার ঘটনার প্রথম সংবাদ প্রকাশ করে মিনিয়াপোলিসের দ্য স্টার ট্রিবিউন। এ জন্য ব্রেকিং নিউজ ক্যাটাগরিতে সংবাদমাধ্যমটি পুলিৎজার পেয়েছে।
ফ্লয়েড হত্যার ঘটনার জেরে পুলিশ বাহিনীর নানা নিপীড়ন ও বর্ণবাদী আচরণ সংবাদমাধ্যমে প্রকাশ হতে থাকে। নির্দোষ সাধারণ নাগরিকদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে পুলিশের কুকুর ব্যবহার করা নিয়ে যৌথ অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দ্য মার্শাল প্রজেক্ট, আল ডটকম, ইনডিস্টার ও ইনভিজিবল ইনস্টিটিউট ন্যাশনাল রিপোর্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।
১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতি বছর পুরস্কার ঘোষণা করে।
