সড়কে প্রাণ গেল ৫ জনের

আপডেট : ১৪ জুন ২০২১, ০২:৪৬ এএম

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। গত শনিবার গভীর রাত থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে নাটোরের বড়াইগ্রামে ড্রামট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নোয়াখালীর সুবর্ণচরে বাসের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশা চালক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর বাস-লরির সংঘর্ষে দুজন ও ময়মনসিংহের ভালুকায় সিএনজিচালিত অটোরিকশা চাপায় এক শিশু নিহত হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে : 

নাটোর : বড়াইগ্রামে বালুবোঝাই ড্রামট্রাকের ধাক্কায় হাসনাহেনা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাসনাহেনা ওই এলাকার চালকল শ্রমিক আরশেদ আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রাইস মিলে কর্মরত স্বামীকে খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন হাসনাহেনা। মিলের সামনের সড়কে নাটোরগামী একটি বালুবোঝাই ড্রামট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, ড্রামট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়।

নোয়াখালী : সুবর্ণচরে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাবের (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের দক্ষিণ ওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাবের উপজেলার চরমহিউদ্দিন গ্রামের ২নং আশ্রয়ণ কেন্দ্রের মফিজুল হকের ছেলে। নিহতের স্বজনরা জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে অটোরিকশায় গ্যাস ভর্তি করে ফেরার পথে বিপরীতমুখী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই জাবেরের মৃত্যু হয়। চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল : বঙ্গবন্ধু সেতুর ওপর বাস-লরির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। গতকাল ভোরে সেতুর ১৮ নম্বর পিলারসংলগ্ন উত্তরবঙ্গগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নীলফামারীর ডিমলা উপজেলার মজনু মিয়া (৩৩) ও নজরুল ইসলাম (৩৪)। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর উত্তরবঙ্গগামী লেনে শ্যামলী পরিবহনের একটি বাস একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে লরিটি উল্টে গিয়ে আগুন ধরে গেলে আগুনে পুড়ে দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেন।

ময়মনসিংহ : ভালুকায় সিএনজিচালিত অটোরিকশা চাপায় আহাদ (৯) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আহাদের মৃত্যু হয়। এর আগে গত শনিবার সন্ধ্যায় ভরাডোবা ঘাটাইল সড়কের নিঝুরি বাজার নামক স্থানে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনার সময় দাদার সঙ্গে বাজারে কাঁঠাল বিক্রি শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশা চাপায় গুরুতর আহত হয় আহাদ। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মেহদী হাসান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। চালককে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত