নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ড. সেলিনা হায়াৎ আইভীর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলীর ‘নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ মাঠে নির্মাণাধীন ভবনের নির্মাণকাজ বন্ধ হয়েছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের আবেদনের পর মেয়রের নির্দেশে গতকাল রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন নাসিকের নির্বাহী কর্মকর্তা আবুল আমিন। ওই সময় সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সঙ্গে তার আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ভবন নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এ ঘটনায় প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করে মানববন্ধনরত শিক্ষার্থীরা।
এর আগে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের বিরুদ্ধে পর্যাপ্ত খালি জায়গা থাকার পরও খেলার মাঠের মাঝখানে ভবন নির্মাণের অভিযোগ এনে এর প্রতিবাদ জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। এরপর থেকেই মাঠ রক্ষায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন তারা।
জানা যায়, ৬ দশমিক ৫০ একর জমির ওপর ১৯৮৪ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে উঠে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১ হাজার ২০০ শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের জন্য একটি খেলার মাঠ, একটি করে ছাত্র ও ছাত্রী নিবাস নির্মাণ করা হয়। সৌন্দর্যবর্ধনের জন্য বড় একটি পুকুর ও নানা জাতের বৃক্ষও রোপণ করা হয়। সম্প্রতি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক কারিগরি স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের অনুমোদনে ৮ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটিতে ২১৫ ফুট দৈর্ঘ্য ও ৫২ ফুট প্রস্থের পাঁচতলা একাডেমি কাম-ওয়ার্কশপ ভবনের নির্মাণকাজ শুরু হয়। মাঠ রক্ষার দাবিতে গত ৩১ মে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এরপর গত মঙ্গলবার সিটি মেয়র ড. সেলিনা হায়াৎ আইভী বরাবর লিখিত অভিযোগ করেন তারা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে নাসিক কর্মকর্তা আবুল আমিন জানান, আপাতত সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে প্রতিষ্ঠান কর্র্তৃপক্ষ। এ বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।
নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কলেজের অধ্যক্ষ সেলিম মৃধা বলেন, ‘ভবন নির্মাণের স্থানটি আমি যোগদান করার আগে নির্ধারণ করা হয়েছে। তাই আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই।’
