বাংলাদেশসহ ২৬ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা পাকিস্তানের

আপডেট : ১৪ জুন ২০২১, ০২:৪৮ এএম

করোনা মহামারীর সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারতসহ ২৬ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। তবে এসব দেশের নাগরিকরা পাকিস্তানের নির্দিষ্ট করোনা গাইডলাইন মেনে দেশটিতে ভ্রমণ করতে পারবেন। গত শনিবার দেশটির দ্য ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এ নিষেধাজ্ঞা জারি করে।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, করোনার সংক্রমণ ঠেকাতে তারা বিশ্বের বিভিন্ন দেশকে ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিন ক্যাটাগরিতে ভাগ করেছে। যেসব দেশ ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে সেসব দেশের নাগরিকরা যেকোনো সময় চাইলে পাকিস্তানে প্রবেশ করতে পারবেন। এ জন্য তাদের করোনার পরীক্ষাও বাধ্যতামূলক নয়। যেসব দেশ ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে, তাদের করোনা নেগেটিভ সনদ গ্রহণের ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তানে প্রবেশ করতে হবে। আর যারা ‘সি’ ক্যাটাগরিতে রয়েছে, তাদের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে জরুরি ভিত্তিতে এসব দেশের নাগরিকরা নির্দিষ্ট গাইডলাইন মেনে পাকিস্তানে প্রবেশ করতে পারবেন।

বাংলাদেশ ও ভারত ছাড়া ‘সি’ ক্যাটাগরিভুক্ত দেশগুলো হলো ইরান, ভুটান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনিশিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, নামিবিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো ও উরুগুয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত