ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

দলের আদর্শ, স্বার্থ ও শৃঙ্খলাবিরোধী বক্তব্য নয়

আপডেট : ১৪ জুন ২০২১, ০২:৪৯ এএম

দলের আদর্শ, স্বার্থ ও শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়া থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। এই নির্দেশনা দলীয় সভাপতি শেখ হাসিনার বলে জানান তিনি।

গতকাল রবিবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব মন্তব্য করেন। কোথাও কোনো সমস্যা হলে বিভাগীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে বিষয়টির সমাধান করবে বলেও জানান তিনি।

দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন অপকর্মে জড়িত হলে অথবা আইন নিজের হাতে তুলে নেওয়ার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।

গত শনিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় দলীয় সভাপতি শেখ হাসিনার সকল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলাজনিত নির্দেশনা দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমতি ব্যতীত কোথাও কেউ কোনো কমিটি বিলুপ্ত, কমিটি গঠন অথবা ব্যক্তি বা দল থেকে কাউকে অব্যাহতি দিতে পরবে না। এই বিষয়ে সর্বপর্যায়ে দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার জন্যও সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এছাড়া বিদেশনির্ভর বিএনপির রাজনীতি এখন শেকড় থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া দলের আদর্শ, স্বার্থ ও শৃঙ্খলাবিরোধী বক্তব্য প্রদান থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। এই নির্দেশনা দলীয় সভাপতি শেখ হাসিনার বলে জানান তিনি।

‘দেশের রাজনীতি নাকি এখন সংকটময় অবস্থায় নিমজ্জিত’বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে কোনো সংকটময় পরিস্থিতি নেই বরং বিএনপির রাজনীতি এখন গভীর সংকটে। দেশ ও জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপিই নিজেদের জন্য সংকট তৈরি করেছে।’

বিএনপি নেতারা নিজেদের ব্যর্থতা ঢাকতে কর্মীদের উত্তাল আন্দোলনের দিবাস্বপ্ন দেখাচ্ছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কর্মীদের রোষানল থেকে বাঁচতে বিএনপি নেতাদের বক্তব্য এখন আত্মরক্ষার ঢাল মাত্র।’

‘বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ ভেসে যাবে’মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কচুরিপানা নয় যে বিএনপির হাঁকডাকে ভেসে যাবে।’

তিনি আরও বলেন, ‘জনগণ তাদের আন্দোলনের অনেক মৌসুমি হাঁকডাক শুনেছে, আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতাদের শীতনিদ্রায় চলে যাওয়াও দেখেছে তাদের কর্মীরা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার মানবিক, সুদক্ষ নেতৃত্বের প্রতি আস্থাশীল জনগণ অন্য কারও সন্ত্রাসনির্ভর আন্দোলনের হাঁকডাকে ভয় পায় না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী ও পরিশ্রমী নেতা ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ ও দেশ একজন দেশপ্রেমিক, সৎ, আদর্শবান নেতা হারিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত