সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর শহরের বিসিক রোডে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) চলতি রুটিন দায়িত্ব পেয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মো. আব্দুল লতিফ।
বর্তমান উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষের ৪ বছরের মেয়াদ গত ১১ জুন শেষ হওয়ায় এবং পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
এ নিয়োগ বিষয়ে সোমবার রাত সোয়া ৮টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলী এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি রুটিন দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক (অব.) মো. আব্দুল লতিফ মঙ্গলবার দায়িত্ব বুঝে নেবেন। তিনি ট্রেজারারের দায়িত্বও পালন করবেন।
২০১৭ সালে দেশের ৪০তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জের শাহজাদপুরের তিন কলেজে অস্থায়ীভাবে কার্যক্রম শুরু করে।
শাহজাদপুর উপজেলা শহর হতে প্রায় ছয় কিলোমিটার পশ্চিমে বিশ্বকবি রবীন্দ্রনাথের জমিদারির নিজস্ব ভূমিতে এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া চলছে।
এ বিশ্ববিদ্যায়ের প্রথম উপাচার্য হিসেবে ২০১৭ সালের ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষকে নিয়োগ দেয় সরকার।
