পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি

আপডেট : ১৪ জুন ২০২১, ১১:২৬ পিএম

করোনাকালে স্টেজ শোর ওপর নির্ভরশীল সংগীতশিল্পীরা কাজহীন। তারকা শিল্পীরাও কাজ করছেন খুব কম। কিন্তু জনপ্রিয় সংগীতশিল্পী ও কম্পোজার হাবিব ওয়াহিদ নিয়মিত গান প্রকাশ করছেন। তার সঙ্গে কথা বলেছেন রণ

করোনাকালে...

করোনা আমারও যে একেবারে কোনো ক্ষতি করেনি তা তো নয়। তবে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি নিজেকে। এমনিতেই আমি খুব বেছে বেছে স্টেজ শো করতাম। সেগুলো তো এখন বন্ধ। আমি রেকর্ডিংয়ে বেশি সময় দিচ্ছি। যেহেতু গানের সুর ও কম্পোজিশন নিয়ে নিয়মিত কাজ করি, তাই এ কাজেই বেশির ভাগ সময় চলে যায়। নিজের কিছু গান তৈরি করছি। সেই সঙ্গে আমার সুর সংগীতে তরুণ প্রজন্মের শিল্পীদের নিয়েও কাজ করছি। এই গত ১০ তারিখেই নতুন একটি গান এসেছে আমার ইউটিউব চ্যানেলে। গানটির নাম ‘উড়ে চলেছি’। মারুশা নামের নতুন এক সংগীতশিল্পী গানটি গেয়েছে। মিউজিক ভিডিও করার পরিবেশ এখন নেই। তাই গানটির অডিও ভার্সন মুক্তি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। তারপরও দেখলাম শ্রোতারা বেশ পছন্দ করছে গানটি। এরই মধ্যে দেড় লাখের মতো ভিউ হয়েছে।

‘বন্ধুরে’র সাফল্য...

ন্যান্সির সংগীত ক্যারিয়ার শুরু আমার সঙ্গে। সেই প্রথম গান থেকেই আমরা দর্শক-শ্রোতার অভূতপূর্ব সাড়া পেয়ে আসছি। আমাদের বোধ হয় তেমন কোনো গান নেই যেটা মানুষ পছন্দ করেনি। কিন্তু মাঝে দুজনের ব্যক্তিগত ব্যস্ততার কারণে সেভাবে গান করা হয়ে উঠছিল না একসঙ্গে। বেশ বিরতির পরই ‘বন্ধুরে’ গানটি প্রকাশ করি ঈদে। এবারও সেই একই বিষয় ঘটেছে। অসাধারণ রেসপন্স পেয়েছি আমরা। এখন থেকে ভাবছি নিয়মিতই একসঙ্গে গান গাইব। কারণ দর্শক আমার কম্পোজিশনে ন্যান্সিকে সবচেয়ে বেশি গ্রহণ করে। আমাকে অনেকে জিজ্ঞেস করে, আপনার কম্পোজিশনে ন্যান্সি একেবারেই অন্যরকম হয়ে ওঠেন। এর রহস্য কী? বিষয়টি আমিও জানি না। তবে এটা সত্যি যে, আমার কম্পোজিশনে ওর গলাটা দারুণ অভিব্যক্তি দেয়। শ্রোতা হিসেবে আমিও হাবিব-ন্যান্সি জুটির ভক্ত।  

রোদেলার সঙ্গে...

এটা সত্যি খুব অন্যরকম অনুভূতি। ন্যান্সিকেই তো শুরুতে অল্প বয়সী একটি মেয়ে হিসেবে দেখেছি। তখন আমিও অল্প বয়সী। এখন ন্যান্সির মেয়ে রোদেলা গানের জগতে চলে এসেছে। তার বেশ কয়েকটি কভার গান ও একটি মৌলিক গান প্রকাশ পেয়ে গেছে। নতুন একটি মৌলিক গান আসছে, সেটি শুনেই আমি রোদেলার জন্য একটি গানের সুর করি। তার অনেক আগে থেকেই আমার সংগীতায়োজনে গান করার ইচ্ছা ছিল। অবশেষে সেটি হলো। ‘বাধাহীন মনের গল্প’ শিরোনামের গানটি লিখেছেন মারুশা। শিগগিরই আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল এইচডব্লিউ প্রোডাকশনে গানটি প্রকাশ হবে। আশা করছি, রোদেলাও এক দিন বড় শিল্পী হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত