গাজীপুরের কালিয়াকৈরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে (২১) দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রতনপুর রেল ক্রসিং এলাকার ওই ঘটনায় গতকাল সোমবার অভিযান চালিয়ে নাইম (২৬) ও আনোয়ার (২৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুই যুবকসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেন নির্যাতিতা ওই নারী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার সন্ধ্যায় রতনপুর এলাকায় স্থানীয় শাহাবুদ্দিন স্পিনিং মিলের এক নারীকর্মী তার স্বামীর সঙ্গে ঘুরতে বের হয়। এরপর ঘটনাস্থলে থাকা নাইম, আনোয়ার ও নাহিদ (২০) নামে আরেক যুবক মিলে ওই দম্পতিকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বনের ভেতর নিয়ে যায়। একপর্যায়ে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে পাশে থাকা নাইমের বাসায় নিয়ে ওই নারীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে ওই তিনজন। পরের দিন সকালে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর স্থানীয়দের সহায়তায় ওই নারীকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন তার স্বামী।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই মাহবুব আলম জানান, মামলার অন্য এক আসামি নাহিদ পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আর ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার সোনাখালী পশ্চিমপাড়ায় যুবকের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রবিবার রাতে আবু বক্কর (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত রবিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে একটি কলাবাগানে ঘাস কাটতে গেলে কিশোরীকে ধর্ষণ করে ঘটনাস্থলে আগে থেকেই ওতপেতে থাকা বক্কর। একপর্যায়ে কিশোরীর চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এলে বক্কর পালিয়ে যায়।
ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, আসামিকে গতকাল আদালতে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার : কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি সাইফুলকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমুদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
