এরিকসেনের ঘটনা আতঙ্ক ছড়ায় ব্লিন্টের মনেও

আপডেট : ১৪ জুন ২০২১, ১১:৪৯ পিএম

ফিনল্যান্ডের সঙ্গে ম্যাচে ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেনের মাটিতে লুটিয়ে পড়া দেখে হতবিহ্বল হয়ে পড়েছিলেন ডেলি ব্লিন্ট। শুধুই মনে হচ্ছিল এরিকসেনের জায়গায় তো তিনিও থাকতে পারতেন। ডাচ তারকা এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে ইউক্রেনের বিপক্ষে রবিবারের ম্যাচটিও খেলবেন কিনা, দ্বিধায় পড়ে গিয়েছিলেন। ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের হয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ খেলার সময় ব্লিন্টের হৃদযন্ত্রের পেশিতে প্রদাহ দেখা দেয়। মাথা ঘুরছিল তার। বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও পরে চিকিৎসকের দ্বারস্থ হয়ে তিনি জানতে পারেন দুঃসংবাদটা। হৃদযন্ত্রে সমস্যা। বুকে বসেছে পেসমেকার। এটি সাধারণত অস্বাভাবিক হৃৎস্পন্দনকে নিয়ন্ত্রণ করে। গত আগস্টেই একটি প্রীতি ম্যাচে মাঠে পড়ে গিয়েছিলেন ৩১ বছর বয়সী ডিফেন্ডার। শনিবার কোপেনহেগেনের ম্যাচে এরিকসেনের ঘটনাটা ভয়াবহ মাত্রায় প্রভাবিত করেছে ব্লিন্টকে। সে রাতে ঠিকমতো ঘুমাতেও পারেননি। ইউরোর প্রথম ম্যাচটা খেলবেন কিনা ভেবেছেন। পরে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেই খেলেছেন। ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় কোচ তাকে তুলে নেন। ডাগআউটে ফিরেই কান্নায় ভেঙে পড়েন তিনি, ‘মাঠে নামতে না পারলে তা আরও বাজে প্রভাব ফেলত। আমি এরিকসেনের কথা ভেবেছি। সে হাসপাতাল থেকেই তার সতীর্থদের মাঠে নামতে বলেছে। আমি সেটিতে উৎসাহিত হয়েছি। তবে চিকিৎসকরা আমাকে আশ্বস্ত করেছিলেন যে আমি নিরাপদÑ এটিও আমাকে মাঠে নামতে শক্তি ও সাহস জুগিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত