করোনা পরিস্থিতি মোকাবিলায় গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের লকডাউন শুরু হয়েছে জিম্বাবুয়েতে। ফলে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের চার দিনের ম্যাচটি মাঝপথেই থামিয়ে দিতে বাধ্য হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতিতে শঙ্কায় পড়ে গেছে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর। যদিও সিরিজটি হওয়ার বিষয়ে আশাবাদী দু’পক্ষই। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে তারা ক্রিকেট চালিয়ে নিতে সরকারের সঙ্গে আলোচনা করছে। তাদের প্রধান নির্বাহীর সঙ্গে আমার কথা হয়েছে। তারা সরকারের সঙ্গে সিরিজ গড়ানোর বিষয়ে আলোচনা করছে। তারা আশাবাদী। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা সিরিজ নিয়ে (হওয়া) আত্মবিশ্বাসী।’ একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ২৯ জুন জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশের।
×
