সীমান্ত এলাকায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা

আপডেট : ১৫ জুন ২০২১, ০৪:৫৫ এএম

ঈদুল ফিতরের পর থেকে দেশজুড়েই বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ বাড়ছিল হু হু করে। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী জেলাগুলোতে এলাকাভিত্তিক ‘লকডাউনের’ পাশাপাশি কঠোর বিধিনিষেধ আরোপের পর ওইসব এলাকায় সংক্রমণ হারে কিছুটা নিম্নগতি দেখা দিলেও মৃত্যুহারের উল্লম্ফন কোনোমতেই রোধ করা যাচ্ছে না। গতকাল সোমবারও রাজশাহী, খুলনা ও যশোরসহ দেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে করোনা আক্রান্ত হয়ে উল্লেখযোগ্যসংখ্যক রোগীর মৃত্যুর তথ্য মিলেছে। এমন পরিস্থিতিতে গতকাল জামালপুর পৌর এলাকা এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দিনাজপুর সদর উপজেলা ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। এছাড়া দিনাজপুরের হিলিতে করোনা সংক্রমণ বাড়ায় সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিস্তারিত দেশ রূপান্তরের সংশ্লিষ্ট জেলার প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবরে :

রাজশাহীতে করোনায় মৃত্যুর মিছিল যেন কোনোভাবেই থামছে না। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রতিদিনই মারা যাচ্ছে করোনা রোগী। করোনা উপসর্গ নিয়েও হচ্ছে মৃত্যু। চলতি মাসের প্রথম দুই সপ্তাহে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে ১৩৬ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৮০ জন। বাকি ৫৬ জন মারা যায় ওই ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ বছরের মার্চ, এপ্রিল ও মে মাসে মৃত্যুর যে সংখ্যা ছিল সে তুলনায় জুন মাসে এসে অনেক বেশি বেড়ে যায়। মার্চ, এপ্রিল ও মে এ তিন মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে ২১৬ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা যায় ৯৮ জন। উপসর্গ নিয়ে মারা গেছে ১১৮ জন। মার্চ মাসে করোনা ইউনিটে মারা গেছে ৫ জন। এর মধ্যে করোনায় ৩ এবং উপসর্গে ২ জন। এপ্রিল মাসে মারা যান ৮১ জন। এর মধ্যে ৩৭ জন করোনায় এবং ৪৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা যায়। মে মাসে মৃত্যু ১৩০ জন। এর মধ্যে ৫৮ জন করোনায় এবং ৭২ জন করোনা উপসর্গ নিয়ে মারা যায়। তবে জুন মাসে করোনায় মৃত্যু অস্বাভাবিক হারে বেড়ে যায়। এ মাসের প্রথম দুই সপ্তাহেই করোনা ও উপসর্গে মারা গেছে ১৩৬ জন। এর মধ্যে ৮০ করোনা শনাক্ত রোগী এবং করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৬ জন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, জুন মাসের প্রথম দুই সপ্তাহে করোনা ইউনিটে যে ১৩৬ জনের মৃত্যু হয় এর মধ্যে ১ জুন ৭, ২ জুন ৭, ৩ জুন ৯, ৪ জুন ১৬, ৫ জুন ৮, ৬ জুন ৬, ৭ জুন ১১, ৮ জুন ৮, ৯ জুন ৮, ১০ জুন ১২, ১১ জুন ১৫, ১২ জুন ৪, ১৩ জুন ১৩ এবং সবশেষ ১৪ জুন সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যায় ১২ জন।

হাসপাতাল পরিচালক বলেন, রাজশাহী ও আশপাশ জেলাগুলোতে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় রামেক হাসপাতালে রোগীর চাপ অনেক বেড়েছে।

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৬১৪ জনের শরীরে শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত বিভাগের সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। সেই সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৬। গতকাল দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানান।

এর আগে ১৩ জুন ৬০৬ জনের করোনা শনাক্ত হয়। ১২ জুন ৩১৯, ১১ জুন ৫৯৯ ও ১০ জুন ৫৭৮ জনের করোনা শনাক্ত হয়। গতকাল সোমবার ৬১৪ জনের শরীরে শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের দেওয়া তথ্যমতে, ২৪ ঘণ্টায় যশোরে ২, খুলনায় ১, কুষ্টিয়ায় ২, নড়াইলে ১ ও মেহেরপুরের ১ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

বাগেরহাটে ২৪ ঘণ্টায় আরও ১০২ জনের করোনা পজিটিভ : বাগেরহাটে সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ২২৭টি নমুনা পরীক্ষায় ১০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সংক্রমণের হার ৪৪ শতাংশ। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলাতে ৪৪টি নমুনা পরীক্ষায় ২৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। সেখানে সংক্রমণের হার প্রায় ৫৫ শতাংশ। (রবিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত)।

জেলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ ঢিমেঢালাভাবে চলছে। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই স্থানীয়দের। তারা নানা অজুহাতে বাইরে ঘোরাফেরা করছে। ১৬ জুন পর্যন্ত এ কঠোর বিধিনিষেধ চলবে।

জামালপুর পৌর এলাকায় ‘লকডাউন’: করোনা সংক্রমণ দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ায় ৩০ জুন পর্যন্ত জামালপুর পৌর এলাকায় ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে গতকাল ‘লকডাউনের’ প্রথম দিনে শহরের চিত্র ছিল প্রতিদিনের মতোই স্বাভাবিক। শহরের বেশ কয়েকটি এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে দ্রুত। সবশেষ ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

জামালপুর পৌর এলাকায় গত কয়েক দিনে করোনা সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসক মুর্শেদা জামান গত রবিবার রাতে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন।

দামুড়হুদায় ১৪ দিনের ‘লকডাউন’ : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ‘লকডাউনের’ ঘোষণা দেওয়া হয়েছে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলাকে। আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে ১৪ দিনের এ ‘লকডাউন’ কার্যকর হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। গতকাল দুপুরে দামুড়হুদা উপজেলা কভিড-১৯ সংক্রান্ত জরুরি সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নিতে ১৫ জুন সকাল ৬টা থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত গোটা উপজেলায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। এ সময়ে জনসাধারণকে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে ওই উপজেলা এলাকায় যেকোনো ধরনের জনসমাগম এড়াতে এবং বিধিনিষেধ প্রতিপালনে নিয়মিত তদারকি করবে প্রশাসন।

৭ দিনের ‘লকডাউনে’ দিনাজপুর সদর উপজেলা : দিনাজপুরে কয়েক দিন ধরে আশঙ্কাজনক হারে করোনা আক্রান্ত ও করোনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৭০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধু দিনাজপুর সদর উপজেলায় ২৯ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় চারজন রয়েছে।

জেলায় করোনা প্রতিরোধে আকস্মিক বৈঠকে বসেন জেলা করোনা প্রতিরোধ কমিটি। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার সন্ধ্যায় শুরু হওয়া বৈঠকটি চলে রাত প্রায় ১১টা পর্যন্ত। বৈঠকে সর্বসম্মতিক্রমে মঙ্গলবার সকাল ৬টা থেকে সাত দিনের জন্য পৌরসভাসহ সদর উপজেলায় কোনো ধরনের যানবাহন চলাচল করবে না, বন্ধ থাকবে সব ধরনের দোকানপাট। শুধু কাঁচাবাজার ও মুদিখানা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং ওষুধের দোকান খোলা থাকবে। শহরে শুধু অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচল করবে।

হাবিপ্রবির সব পরীক্ষা স্থগিত : দিনাজপুর সদর উপজেলা ‘লকডাউন’ ঘোষণা করায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করেছে কর্র্তৃপক্ষ। গতকাল রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হিলিতে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি : দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলিতে দিন দিন করোনা সংক্রমণের হার বাড়ায় সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। আজ মঙ্গলবার সকাল থেকে এ কঠোর বিধিনিষেধ কার্যকর হবে। গতকাল বিকেল ৪টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

যশোরে নতুন আক্রান্ত ৯০, মৃত্যু ৩ : যশোরে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সঙ্গে মারা গেছে তিনজন। বর্তমানে হাসপাতালে রোগীর চাপ রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এপ্রিল ও মে মাসের তুলনায় চলতি মাসে যশোরে করোনা শনাক্তের হার অনেক বেশি। সেই সঙ্গে মৃত্যুও বেড়েছে।

যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ শতাংশ। মারা গেছে তিনজন। এদের মধ্যে দুজন করোনা রোগী এবং অন্যজন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। এ তিনজনসহ গত এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত