যুক্তরাজ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে

আপডেট : ১৬ জুন ২০২১, ০১:৩৪ এএম

ইংল্যান্ডে লকডাউনের শেষ ধাপের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেছে দেশটির সরকার। ২১ জুনের পর সব বিধিনিষেধ তুলে নেওয়ার কথা। কিন্তু দেশটিতে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এই বিধিনিষেধের মেয়াদ আগামী ১৯ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিধিনিষেধ প্রত্যাহার না করে উল্টো সতর্ক করেছে সরকার। তারা বলেছে, এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে যদি পদক্ষেপ না নেওয়া হয়, তবে হাজারো মানুষ মারা যেতে পারে।২১ জুন লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল গত ফেব্রুয়ারিতে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন প্রত্যাশা করেছিলেন, এদিন সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া সম্ভব হবে। এর ফলে বার, রেস্তোরাঁ এবং আপ্যায়নের অন্যান্য ভেন্যু খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার এ সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেল।

বরিস জনসন বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার ধারণা এটাই সঠিক হবে, আর অল্প কিছুদিন অপেক্ষা করা। আমরা এখন যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, হাতে থাকা নথিপত্রে যা দেখতে পাচ্ছি, তাতে আমি আত্মবিশ্বাসী যে এরপর আমাদের আর চার সপ্তাহ অপেক্ষা করতে হবে না।’

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিধিনিষেধ বাড়িয়ে যে সময় পাওয়া যাবে, সেই সময়ে টিকাদান কর্মসূচির গতি বাড়ানো হবে। করোনা পরিস্থিতি কী হয়, তা পর্যালোচনা করা হবে ২৮ জুন। এদিকে যুক্তরাজ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়ানোর ক্ষেত্রে সরকারকে দায়ী করেছে বিরোধী দল লেবার পার্টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত