পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন ফাফ ডু প্লেসি। মাথায় পাওয়া চোট থেকে সেরে উঠলেও আসরের বাকি ম্যাচ আর খেলা হচ্ছে না তার। বাড়ি ফিরে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।
শনিবার রাতে আবুধাবিতে পেশোয়ার জালমিরের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে মাথায় চোট পান কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ডু প্লেসি। বাউন্ডারি লাইনে সতীর্থ মোহাম্মদ হাসনাইনের সঙ্গে সংঘর্ষে মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নিতে হয়।
মাথায় পাওয়া এই চোটে আংশিক স্মৃতি শক্তিও হারিয়ে ফেলেন ডু প্লেসি। শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এমনটা জানান সাবেক প্রোটিয়া অধিনায়ক।
গত রবিবার রাতে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়ে ডু প্লেসি লেখেন, ‘সুস্থ হয়ে আমি হোটেলে ফিরেছি। আমি ভালো আছি। তবে বেশ কিছু ঘটনা আমার স্মৃতিতে না থাকায় কিছুটা হতাশ লাগছে। আশা করছি দ্রুত মাঠে ফিরব। আপনাদের সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।’
পিএসএলের এই মৌসুমে পাঁচ ম্যাচ খেলে চার ইনিংসে ১৯ গড় ও ১২২.৫৮ স্ট্রাইক রেটে করেছেন ৭৬ রান করেছেন ডু প্লেসি। গত বছর পেশোয়ার জালমি ছাড়ার পর পিএসএলে এটি ছিল তার দ্বিতীয় মৌসুম।
