দুই বছরের চুক্তিতে পার্মায় ফিরেছেন জিয়ানলুইজি বুফন। ২৬ বছর আগে পার্মার হয়ে সিরি’আ লিগে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন এই কিংবদন্তি গোলরক্ষক। তখন তার বয়স ছিল ১৭ বছর ২৯৫ দিন।
এবার ৪৩ বছর বয়সে এসে ফের পুরোনো ঠিকানায় ফিরলেন বুফন। অবশ্য আগামী মৌসুম ইতালিয়ান শীর্ষ লিগে দেখা যাবে না তাকে। সিরি’আ থেকে অবনমন হয়েছে পার্মার। ক্লাবটি গত মৌসুম শেষ করেছে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থেকে। আগামী মৌসুমে পার্মার হয়ে সিরি’বি লিগে দেখা যাবে বুফনকে।
এই কিংবদন্তি গোলরক্ষকের পার্মায় যোগ দেওয়ার খবরটি নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে নিশ্চিত করেছেন ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তার সূত্রে খবরটি প্রকাশ করেছে ক্রীড়া মাধ্যম স্পোর্টস বাইবেল।
গত সপ্তাহে বুফন নিশ্চিত করেন, প্রতিযোগিতামূলক ফুটবল চালিয়ে যাওয়ার বিষয়টি। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ১৪ ম্যাচে জুভেন্টাসের গোলপোস্ট সামলেছেন তিনি।
বুফনকে পেতে হাত বাড়িয়েছিল পাঁচটি ক্লাব। তার মধ্যে আছে বেসিকতাস ও ফ্লেমেঙ্গো। তবে সবার প্রস্তাব ফিরিয়ে পুরোনো ঠিকানা পার্মায় ফিরলেন তিনি। সিরি’আ লিগে ফেরার লক্ষ্য নিয়ে এগোনো পার্মার প্রজেক্ট পছন্দ হওয়ায় এই সিদ্ধান্ত নিলেন তিনি।
গত মাসে জুভেন্টাস ছাড়া সিদ্ধান্ত নেন বুফন। ক্যারিয়ারের শুরুতে ১৯৯৫-২০০১ মৌসুম পর্যন্ত পার্মায় কাটিয়েছেন তিনি। ২০০১-১৮ পর্যন্ত কাটান জুভেন্টাসে। এরপর যোগ দেন পিএসজিতে। ফরাসি ক্লাবটিতে এক মৌসুম কাটিয়ে ২০১৯ সালে ফের তিনি ফিরে আসেন তুরিনে।
