মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মাধবপুর ভাষাণীগাঁও গ্রামের ওই ঘটনায় গতকাল বৃহস্পতিবার ওই কিশোরীর বাবা থানায় একটি অভিযোগ করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত রনি মিয়া (২২) পলাতক রয়েছে। সে একই এলাকার প্রবাসী আখের মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে তার সঙ্গে সম্পর্ক গড়ে প্রতিবেশী যুবক রনি। একপর্যায়ে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে সে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করে রনি। সবশেষ গত বুধবার রাতে ওই কিশোরীর ঘরে গোপনে প্রবেশের পর তাকে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটির সৎ মা টের পেয়ে রনিকে হাতেনাতে ধরতে চাইলে পালিয়ে যায় সে।
মাধবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোতাহের আলী জানান, গ্রামবাসী দুই পরিবারের সম্মানের কথা ভেবে বিয়ের পক্ষে মত দিয়েছিল। কিন্তু রনির পরিবারের সদস্যদের অসহযোগিতায় সেটির আর সমাধান হয়নি। এরপর থেকেই রনি পলাতক রয়েছে।
