জয়ে আশা জিইয়ে রাখল ইউক্রেন

আপডেট : ১৭ জুন ২০২১, ১১:৫০ পিএম

নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে ইউরো শুরু করা ইউক্রেন জয় পেল নিজেদের দ্বিতীয় ম্যাচে। উত্তর মেসিডোনিয়াকে হারিয়ে শেষ ষোলোর আশা জিইয়ে রাখল দলটি।

বৃহস্পতিবার ‘সি’ গ্রুপের ম্যাচটিতে ২-১ এ জয় তুলে নেয় ইউক্রেন। দলটির হয়ে ইয়ারমোলেঙ্কো ও ইয়ারেমচুক গোল করেন। মেসিডোনিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন অ্যালিওস্কি।

রোমানিয়ার বুখারেস্টে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই দুই গোল হজম করা মেসিডোনিয়া দ্বিতীয়ার্ধে শক্ত লড়াই চালায়। কিন্তু দারুণ এক লড়াই শেষে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ইউক্রেনই।

এদিন শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। তবে গ্রুপের অন্যতম ফেভারিট দল হিসেবে জয়ের জন্য অনেক বেশি মরিয়া ছিল ইউক্রেন।

ম্যাচের ২৯ মিনিটে ইয়ারমোলেঙ্কোর গোলে এগিয়ে যায় ইউক্রেন। প্রথম ধাক্কা সামলাতে না সামলাতেই দ্বিতীয় ধাক্কা খায় মেসিডোনিয়া। ম্যাচের ৩৪ মিনিটে ইয়ারেমচুকের গোলে ফের এগিয়ে যায় ইউক্রেন।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকায় স্বভাবতই আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল ইউক্রেন। তবে দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে মরিয়া চেষ্টা চালায় মেসিডোনিয়া। ম্যাচের ৫৭ মিনিটে পেনাল্টি পায় দলটি। ইউক্রেন গোলরক্ষক বুসচান পেনাল্টি সেভ করলেও ফিরতি বলে গোল করে ব্যবধান কমান অ্যালিওস্কি।

এরপর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় মেসিডোনিয়া। সুযোগও হাতছাড়া করেন তারা।

ম্যাচের ৮৪ মিনিটে ফের একবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় ইউক্রেন। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মালিনোভস্কি। দুরন্ত সেভ করেন মেসিডোনিয়ার গোলরক্ষক দিমিত্রিভস্কির।

এই হারের ফলে ইউরো অভিযান থেকে ছিটকে গেল মেসিডোনিয়া। দুই ম্যাচে দুই হার তাদের। প্রথম ম্যাচে তারা অস্ট্রিয়ার বিপক্ষে হেরেছিল ৩-১ গোলে।

দুই ম্যাচে একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট ইউক্রেনের। অন্যদিকে একটি করে ম্যাচ খেলা নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার পয়েন্ট ৩ করে।

ইউক্রেন সোমবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। একই সময়ে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে নর্থ মেসিডোনিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত