খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ফখরুলের

আপডেট : ১৮ জুন ২০২১, ০৬:০৫ এএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে পুরনো রোগের জটিলতায় অত্যন্ত অসুস্থ সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির পাশাপাশি তার উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।

গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডে বেরাইদ এলাকায় বিএনপি মহানগর উত্তরের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনা হওয়ার পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। আল্লাহর রহমতে কভিডের যে আক্রমণ সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন। কিন্তু চার বছর তার চিকিৎসা না হওয়ার কারণে, কারাগারে রাখার কারণে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। তার হার্ট, কিডনি ও লিভারে সমস্যা তৈরি হয়েছে এবং তার একটা পুরনো অসুখ যেটা তাকে অত্যন্ত কষ্ট দেয়, আর্থ্রাইটিসও রয়েছে। এই সবগুলো মিলিয়ে উনি অত্যন্ত অসুস্থ। ডাক্তাররা বলছেন, তিনি অত্যন্ত ভারনারেবল আছেন।’

তিনি বলেন, ‘আপনারা জানেন যে ওনার পরিবার আবেদন করেছেন সরকারের কাছে, তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। এই সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। তাকে সেই সুযোগ দেয়নি।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে এই মহান নেত্রীকে, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশকে উন্নত করার জন্য তার বহু অবদান রয়েছে, সেই নেত্রীকে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক, তাকে মুক্তি দেওয়া হোক। তাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে।’ এ সময় তার আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব।

মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সী বজলুল বাছিত আনজুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আলীম নকির পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সহসম্পাদক রওনাকুল ইসলাম টিপু, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এদিকে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দেশ রূপান্তরকে বলেন, আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই কর্মসূচি চলবে। প্রতিটি জেলায় পাঁচ হাজার করে নিমগাছ রোপণ করতে প্রতিটি জেলা ও মহানগর নেতাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। সঙ্গে নিমগাছের কী উপকার, সে সম্পর্কে একটি লিফলেটও বিতরণ করতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত