রাজধানীর মিরপুরে ‘অপুর দল’ নামে একটি কিশোর গ্যাংয়ের দলনেতা অপুসহ তিনজনকে আটক করেছে র্যাব। গত বৃহস্পতিবার মিরপুর মডেল থানার ৬০ ফিট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো মো. নাসির আহমেদ ওরফে অপু (২৩), মো. হৃদয় (২১) ও মো. আতিকুর রহমান (২৫)। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ফোল্ডিং চাকু, একটি চাপাতি, ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার দুপুরে র্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আটক হওয়া তরুণরা কিশোর বয়স থেকেই নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত। মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, মেয়েদের উত্ত্যক্ত করাসহ নানান অপকর্মের সঙ্গে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে। তারা রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।’
তিনি আরও বলেন, ‘এলাকায় কোনো অপরিচিত লোক গেলে তাকে ভয়ভীতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত এই তরুণ অপরাধীরা। এদের চলাফেরা বেপরোয়া এবং গতি খুব দ্রুত। এরা কারও কাছ থেকে ছিনতাইয়ের পর দ্রুত সেই সামগ্রী পেছনে থাকা তাদের দলের অন্য সদস্যদের কাছে হস্তান্তর করে। ছিনতাইয়ের কাজে ব্যবহারের জন্য তারা সবসময় নিজেদের কাছে ধারালো দেশীয় অস্ত্র রাখে। এলাকায় ছিনতাই ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় তাদের মধ্যে মারামারির ঘটনাও ঘটত।’
