শেষ ষোলোতে বদলে যাওয়া নেদারল্যান্ডস

আপডেট : ১৮ জুন ২০২১, ১১:২৯ পিএম

টোটাল ফুটবলের প্রবর্তক নেদারল্যান্ডস ছন্দে ফিরতে শুরু করেছে আবার। গত সাত বছর যেন হারিয়েই গিয়েছিল ইয়োহান ক্রুইফের দেশটি। ২০১৪ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর থেকেই যেন ছন্দপতনের শুরু ডাচদের। ২০১৬ ইউরো এবং ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বই উতরাতে পারেনি তারা। কমলাদের এমন পরিণতি সমর্থকদের মেনে নেওয়া কঠিন ছিল। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে প্রত্যাবর্তনের ইউরোর শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপিয়ান নেশন্স লিগের রানার্সআপরা। অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে ইতালি, বেলজিয়ামের পর তৃতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।

এবারের ইউরোর সহ-আয়োজক নেদারল্যান্ডস। সুবাদে সি গ্রুপের দুই ম্যাচই তারা খেলেছে নিজেদের মাঠ আমস্টারডাম অ্যারেনায়। ঘরের মাঠের সুবিধা নিয়ে উজ্জীবিত হয়ে খেলেছে তারা। ইউক্রেনের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-২ গোলের জয় পেয়েছিল তারা। ওই ম্যাচের স্কোরার ডেনজেল ডামফ্রিস অস্ট্রিয়ার বিপক্ষেও গোল করেছেন। পাশাপাশি দলের প্রথম গোলের সুযোগটিও তৈরি করেন। ১১ মিনিটে ডি বক্সে পেনাল্টি আদায় করেন তিনি, যা থেকে লক্ষ্যভেদ করেন মেম্ফিস ডিপে। পাঁচ ম্যাচে এটা তার ষষ্ঠ গোল। বিরতির পর ৬৭ মিনিটে দ্বিতীয় গোল পায় ডাচরা। বদলি খেলোয়াড় ডোনিল মাঝমাঠ থেকে বল টেনে কাউন্টার অ্যাটাকে যান। তিন ডিফেন্ডারকে পেছনে রেখে গোলকিপারের সামনে গিয়ে বল পাস করেন ডামফ্রিসকে। জোরালো শটে গোল করে নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করেন এই ডিফেন্ডার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত