রোমাঞ্চ আবাহনী-মোহামেডান ম্যাচে

আপডেট : ১৮ জুন ২০২১, ১১:৩০ পিএম

বৃষ্টি মাথায় নিয়ে রাউন্ড রবিন পর্ব শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির। লিগ এবার পা দিচ্ছে চ্যাম্পিয়ন খোঁজার মঞ্চ সুপার লিগে। রাউন্ড রবিন পর্বের শেষদিন বৃষ্টির বাগড়ায় তিন ম্যাচ পরিত্যক্ত হয়। সুপার লিগেও এই ভয় আছে। বিসিবি অবশ্য সুপার লিগের সব ম্যাচ মিরপুরে রেখেছে। বৃষ্টি হলেও থামার প্রায় সঙ্গে সঙ্গে খেলা মাঠে ফিরবে। আজ সুপার লিগের প্রথম দিন ক্রিকেটপ্রেমীদের চাওয়া বৃষ্টি যেন দিনের শেষ ভাগে না আসে। ঢাকার দুই জায়ান্ট আবাহনী-মোহামেডান ম্যাচটিই তো হচ্ছে সন্ধ্যা সাড়ে ৬টায়। এর আগে সকাল ৯টায় প্রাইম দোলেশ্বরের বিপক্ষে নামছে গাজী গ্রুপ এবং দুপুর ২টায় প্রাইম ব্যাংক মুখোমুখি হবে শেখ জামাল ধানম-ি ক্লাবের।  

এই আসরে সবচেয়ে আলোচিত ম্যাচ হয়েছে আবাহনী-মোহামেডানের। ওই ম্যাচেই সাকিব আল হাসানের অসদাচরণ ম্যাড়মেড়ে লিগ জমিয়ে তোলে। আজও ঘটনায় নয়, মাঠের লড়াইয়ে জমে উঠুক দুই দলের লড়াই। কিন্তু মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় উত্তেজনায় ভাটা পড়ছে নিশ্চিত। পরিবারের সঙ্গে থাকতে লিগ থেকে ছুটি নিয়েছেন সাকিব। এছাড়া হাত ফেটে গিয়ে সেলাই লাগায় তাসকিনও নেই। তাই স্পষ্ট ফেভারিট হয়েই আজ নামছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।  রাউন্ড রবিন পর্বে ব্যাট-বলে সেরাদের সুযোগ থাকছে নিজেদের এগিয়ে নেওয়ার। ১১ ম্যাচে একমাত্র সেঞ্চুরিতে সর্বোচ্চ ৪১৮ করা মিজানুরের অবশ্য দুর্ভাগ্য। তার দল ব্রাদার্স ইউনিয়ন সুপার লিগে না থাকায় এই রান বাড়ানোর সুযোগ নেই তার। সেই সুযোগটা পাচ্ছেন আবাহনীর নাঈম শেখ, ১১ ম্যাচে ৩০৭ রানে তিনে থাকা এই ব্যাটসম্যান সুপার লিগে ৫ ম্যাচ পাবেন। শীর্ষ ৫-এ থাকা আর কোনো ব্যাটসম্যানই সুপার লিগে খেলছেন না। সেরা দশে থাকা রনি তালুকদার (২৭৬), মোহাম্মদ মিঠুন (২৬৯), মুনিম শাহরিয়ার (২৬৫), সাইফ হাসান (২৪৬) সুপার লিগে খেলছেন।

বোলারদের অবশ্য ব্যাটসম্যানদের মতো অবস্থা নেই। সুপার লিগে খেলছেন সেরা ৫-এ থাকা তিন বোলারই। দ্বিতীয় অবস্থানে থাকা প্রাইম দোলেশ্বরের কামরুল ইসলাম রাব্বি ১১ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট। এ ছাড়া ১৭ উইকেট পাওয়া শেখ জামালের সালাউদ্দিন শাকিল, ১৫ উইকেট নেওয়া প্রাইম ব্যাংকের শরিফুল ইসলামও আছেন সেরা ৫-এ। ২০ উইকেট নিয়ে শীর্ষে আছেন শাইনপুকুরের তানভীর ইসলাম। তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে রাব্বি, শাকিল ও শরিফুলের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত